শিরোনাম

ফ্রান্সকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই মরক্কোর

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফ্রান্সকে নিয়ে আলাদা পরিকল্পনা নেই মরক্কোর
ফ্রান্স ম্যাচের আগে অনুশীলনে মরক্কো ফুটবল দল

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি মরক্কো। ম্যাচের আগে মরক্কোর কোচ মোহামেদ ওয়াহ্বি যেন নির্ভার। সব বিভাগেই শক্তিশালী ফরাসিদের নিয়ে আলাদা করে ভাবছেন না তিনি।

গত আসরে চমক দেখিয়ে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। আফ্রিকা ও আরবের প্রথম দেশ হিসেবে শেষ চারে খেলার কীর্তি গড়ে তারা। টানা দ্বিতীয়বার বিশ্ব মঞ্চের সেমিফাইনালে খেলার হাতছানি তাদের সামনে।

প্রতিযোগিতামূলক ফুটবলে ফ্রান্সের বিপক্ষে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে মরক্কো। যার মধ্যে ৪টিতেই হেরেছে তারা, জয় পেয়েছে একটিতে, অন্যটি ড্র। ২৮ বছর আগের সেই জয়টিও আবার মূল ম্যাচে নয়, টাইব্রেকারে।

ওয়াহ্বি বলেন, ‘ম্যাচের জন্য প্রস্তুতির কথা বললে, কোনো চমক থাকবে না। আমার লুকানোর কিছু নেই। আর চমক দেখাতে আমি পছন্দও করি না। যারা আমাদের খেলা বিশ্লেষণ করেছেন, তারা জানেন যে আমরা কীভাবে খেলতে চাই, সে ব্যাপারে আমাদের পরিষ্কার ধারণা রয়েছে। বল দখলে থাকলে প্রতিপক্ষকে আঘাত করাই মূল লক্ষ্য। আমরা যেকোনো দলকে বিপদে ফেলতে পারি, এটা প্রমাণ করেছি, আর এটাই আমাদের লক্ষ্য।’

চার বছর আগে ফ্রান্সের বিপক্ষে হেরেই বিদায় নিয়েছিল মরক্কো। ২০২২ সালে কাতারের সেই সেমিফাইনালে ২-০ গোলে হেরেছিল তারা।

এবার আরও বেশি আত্মবিশ্বাসী ওয়াহ্বি। তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচই আলাদা, এর প্রেক্ষাপট আলাদা, ইতিহাস আলাদা। এটা ২০২২ সালের ম্যাচের মতো হবে না।’

বস্টনে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে বাংলাদেশ সময় ১০ জুলাই রাত ২টায় ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো।

/টিই/