শিরোনাম

মেসির পেনাল্টি মিসের নেপথ্যে কী আইশোস্পিড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির পেনাল্টি মিসের নেপথ্যে কী আইশোস্পিড
পেনাল্টি মিসের পর লিওনেল মেসি (বাঁয়ে) ও গ্যালারিতে আইশোস্পিড (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

চলমান বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি মিস করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এর নেপথ্যে মার্কিন ইউটিউবার আইশোস্পিডের এক অদ্ভুত কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর অন্ধ ভক্ত হিসেবে পরিচিত এ কনটেন্ট ক্রিয়েটর গ্যালারি থেকে মেসির মনোযোগ নষ্ট করতে কুকুরের মতো আওয়াজ ও উদ্ভট অঙ্গভঙ্গি করার পর এলএমটেন গোল করতে ব্যর্থ হলে, ফুটবলপাড়ায় এখন রসাত্মক প্রশ্ন উঠেছে- এটি কি আসলেই স্পিডের কোনো ‘কালা জাদু’র ফল?

মিসরের বিপক্ষে নকআউটের এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। খেলার মাত্র ১৫ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে আলবিসেলেস্তেরা। তবে এর ঠিক চার মিনিট পরেই পেনাল্টি পেয়ে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ আসে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে। স্পট কিক নিতে আসেন লিওনেল মেসি। কিন্তু সবাইকে চমকে দিয়ে মেসির ডানদিকে নেওয়া শটটি অসামান্য দক্ষতায় রুখে দেন মিসরীয় গোলরক্ষক মোস্তফা শোবের। মেসি পেনাল্টি মিস করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও আপলোড করে আসল ‘রহস্য’ ফাঁস করেন স্পিড। সেখানে দেখা যায়, মেসি যখন শট নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন গোলপোস্টের ঠিক পেছনের গ্যালারি থেকে মেসির মনোযোগ পুরোপুরি নষ্ট করতে অবিকল কুকুরের মতো ‘ঘেউ ঘেউ’ শব্দে চিৎকার ও চেনা উদ্ভট নাচানাচি করছিলেন তিনি। মেসি বল জালে জড়াতে ব্যর্থ হওয়ার পর প্রথমে চরম অবাক হওয়ার ভান করলেও, পরক্ষণেই দম্ভোক্তি করে স্পিড বলেন, তিনি সফলভাবে মেসির মনোযোগ নষ্ট করে দিয়েছেন।

স্পিডের এমন আচরণে ক্ষুব্ধ আর্জেন্টাইন সমর্থকেরা নেট দুনিয়ায় সমালোচনার ঝড় তুললেও, একটি বিশেষ সমীকরণের কারণে তারা এই ইউটিউবারের প্রতি মনে মনে কৃতজ্ঞ থাকতেই পারেন। চলতি বিশ্বকাপে স্পিড যে দলের জার্সি গায়ে জড়িয়েছেন বা গ্যালারিতে যাকে সমর্থন দিয়েছেন, সেই দলই ম্যাচ হেরে মাঠ ছেড়েছে। রোনালদো-ভক্ত স্পিড গ্রুপ পর্বে কেপ ভার্দে এবং নকআউটে মিসরের সমর্থক সেজে গ্যালারিতে এলেও দুই ম্যাচেই শেষ হাসি হেসেছে আর্জেন্টিনাই। স্পিডের এই ‘অপয়া’ তকমা অবশ্য এখানেই শেষ নয়। কোয়ার্টার ফাইনালের আগে ব্রাজিলের সমর্থক হয়ে মাঠে হাজির হলে সেদিনই বিশ্বকাপ থেকে বিদায় নেয় সেলেসাওরা। এমনকি নিজের প্রিয় তারকা রোনালদোর দেশ পর্তুগালের জার্সি গায়ে যেদিন গ্যালারি কাঁপালেন, সেদিনই চোখের জলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পর্তুগালও। মজার ব্যাপার হলো, ক্রোয়েশিয়া-পর্তুগাল ম্যাচে স্পিড মাঠে না থাকার দিনই কেবল জয় পেয়েছিল রোনালদোরা। ফলে মেসির ভক্তদের এখন চাওয়া, পরবর্তী ম্যাচগুলোতেও স্পিড যেন আর্জেন্টিনার প্রতিপক্ষ দলকেই মনেপ্রাণে সমর্থন দিয়ে যান।

/এমএকে/