শিরোনাম

ভোজিনিয়ার জন্য বদলে গেলো নিয়ম

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ভোজিনিয়ার জন্য বদলে গেলো নিয়ম
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া

বিশ্বকাপের মঞ্চে চোখ ধাঁধানো পারফর্ম করে বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া। চিলির ক্লাব ফুটবলে পা রাখতেই জটিলতার মধ্যে পড়েছিলেন তিনি। এবার ভোজিনিয়ার সেই জটিলতার সমাধান করতে নিয়মই বদলে ফেললো চিলির লিগ কর্তৃপক্ষ।

জার্সিতে নিজের আসল নামের বদলে শুধু ডাকনাম ব্যবহারের জন্য বিশেষ অনুমোদন পেয়েছেন এই তারকা।

চিলির শীর্ষ ফুটবল লিগ আয়োজক সংস্থা ‘এএনএফপি’ সর্বসম্মতিক্রমে ভোজিনিয়া তার জনপ্রিয় ডাকনামটিই জার্সিতে ব্যবহার করার সবুজ সংকেত দেয়।

চিলির বিদ্যমান আইন অনুযায়ী, খেলোয়াড়দের জার্সিতে বাধ্যতামূলকভাবে শুধু তাদের পারিবারিক নাম (সারনেম) ব্যবহারের বাধ্যবাধকতা ছিল। ‘জসিমার হোসে এভোরা দিয়াস’ আসল নাম হলেও ফুটবল বিশ্বে ‘ভোজিনিয়া’ নামেই সমাদৃত কেপ ভার্দের গোলকিপার।

জার্সিতে নাম ছাপানোর জটিলতার অবসান হলেও চিলির সবচেয়ে সফল ক্লাব কোলো-কোলোতে তার যোগ দেওয়া নিয়ে নাটকীয়তা কিন্তু কমছে না!

এক সপ্তাহ আগে কোলো-কোলোর মূল সাইনিং হিসেবে ভোজিনিয়ার নাম ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হয়। সূচি অনুযায়ী গেল মঙ্গলবারই সান্টিয়াগোতে তার পৌঁছানোর কথা ছিল। তবে ভিসা জটিলতায় সেই সময় পিছিয়ে বৃহস্পতিবার করা হলেও শেষ মুহূর্তে ফ্লাইটে ওঠেননি এই কেপ ভার্দিয়ান তারকা।

তবে চুক্তি ভেঙে যাওয়ার খবরকে ভুল প্রমাণ করে কোলো-কোলোর ডিরেক্টর হাইমে পিসারো জানান, চুক্তি বাতিল হয়নি। মূলত ভোজিনিয়ার এজেন্ট ‘ব্যক্তিগত সমস্যা’ সমাধানের জন্য বাড়তি কিছু সময় চেয়েছেন।

/টিই/