শিরোনাম

ডারউইন টেস্টের দলে লিটন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডারউইন টেস্টের দলে লিটন
লিটন দাস

চোটের কারণে ছিটকে পড়া কিপার-ব্যাটসম্যান লিটন দাস অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টের দলে যুক্ত হলেন। বিসিবি শনিবার (১ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লিটনের চোটের পুনর্বাসন প্রক্রিয়ায় সাড়া মিলেছে খুব ভালোভাবে এবং ডারউইনে প্রথম টেস্টে খেলার জন্য তিনি বিবেচিত হবেন।

লিটন প্রথম টেস্টের দলে যোগ দিলেও স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। টেস্টের স্কোয়াড তাই এখন ১৬ জনের।

ডারউইন টেস্ট শুরু আগামী ১৩ অগাস্ট। বাংলাদেশ দল ঢাকা ছেড়েছে শুক্রবার রাতেই। লিটন দাস দেশ ছাড়বেন রবিবার (২ আগস্ট)।

চোটের কারণে ছিটকে পড়া লিটন কীভাবে আবার প্রথম টেস্টের দলে ফিরলেন, এ বিষয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘লিটনকে নিয়ে আগের যে পরিকল্পনা ছিল, সেটা অনুযায়ী ১২ অগাস্ট দেশে ওর ফিটনেস পরীক্ষা হওয়ার কথা ছিল। সেটায় উতরে গেলে দ্বিতীয় টেস্টের দলে নেওয়া হতো ওকে। আমরা জানতে পেরেছি, ওর অগ্রগতি খুব দ্রুত হচ্ছে। মেডিকেল বিভাগ আমাদেরকে জানিয়েছে, প্রথম টেস্টের জন্যই ওকে আমরা দলে নিতে পারি।’

আগামী বৃহস্পতিবার থেকে ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ম্যাচটিতে লিটনের খেলার সম্ভাবনা কম।

ডারউইন টেস্টে বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুশফিক হাসান, লিটন কুমার দাস।

/টিই/