শিরোনাম

১৮ উইকেট পতনের দিনে অস্ট্রেলিয়া এগিয়ে ১০১ রানে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
১৮ উইকেট পতনের দিনে অস্ট্রেলিয়া এগিয়ে ১০১ রানে
শরিফুল ইসলাম নিয়েছেন ৬ উইকেট

ম্যাকাইয়ে প্রথমবারের মতো হচ্ছে টেস্ট ক্রিকেট। বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মোট ১৮ উইকেটের পতন হয়েছে। যার ১২টিই নিয়েছেন দুই দলের দুই বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ও শরিফুল ইসলাম।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া দিন শেষে করেছে ৮ উইকেটে ১৬৫ রানে। প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়ার লিড দাঁড়িয়েছে ১০১ রান।

বাংলাদেশ মাত্র ৩৪ ওভারে অলআউট হয় মিচেল স্টার্কের আগুন বোলিংয়ে। ২২ বলের মধ্যে প্রথম ৫ উইকেট পাওয়া স্টার্ক, শেষ পর্যন্ত ১০ ওভারে ৬ মেডেনসহ ১২ রানে নেন ৬ উইকেট। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার হারানো ৮ উইকেটের ৬টি নেন শরিফুল। দিন শেষে শরিফুলের বোলিং ফিগার- ১১ ওভার, ২ মেডেনসহ ৩৫ রানে ৬ উইকেট। টেস্টে এই প্রথম ইনিংসে ৫ বা তার বেশি উইকেট পেলেন শরিফুল।

এর আগে বাংলাদেশের ব্যাটিংয়ের গল্পেও জড়িয়ে আছে শরিফুলের নাম। ইনিংসের সর্বোচ্চ ১৪ রান আসে ১১ নম্বরে নামা শরিফুলের ব্যাট থেকে। স্টার্ক শূন্য রানে ফেরান বাংলাদেশের চার ব্যাটারকে। তারা হলেন- দুই ওপেনার সাদমান ইসলাম ও তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। মুমিনুল আর শরিফুলকেও আউট করেন স্টার্ক। ১১ রান করেন মেহেদী হাসান মিরাজ। ১১ রানে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম।

অস্ট্রেলিয়ার ইনিংসে একপ্রান্ত আগলে রেখেছেন ক্যামেরুন গ্রিন। তিনি দিন শেষ করেছেন অপরাজিত ৫১ রানে। তার সঙ্গে আছেন ন্যাথান লায়ন (১০*)। এছাড়া ওপেনার ট্রাভিস হেড ২২ এবং স্টিভেন স্মিথ ৪২ রান করেন।

তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ১টি করে উইকেট।

/টিই/