শিরোনাম

৪১৭ রান করে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৪১৭ রান করে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় দিনেও দুর্দান্ত শুরু খেলছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের জুটিতে লিড বেড়ে ২১৯ রানে দাঁড়িয়েছে। লাঞ্চের আগে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪১৭ রান। মিরাজ ৬৫ রানে ও তাসকিন ১২ রানে অপরাজিত আছেন।

এর আগে ১২৬তম ওভারের পঞ্চম বলে ১২তম টেস্ট ফিফটি করেন মিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে অর্ধশত রান ছুঁয়েছেন তিনি।

মেহেদি হাসান মিরাজ দিন শুরু করেন ৩২ রানে। ১১৭ বল খেলে ৫ চারে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মিরাজ ১০৯ রানের এক ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র ৫৪ রানে অলআউট হয়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এখন মূল দলকে চোখ রাঙাচ্ছেন টাইগাররা।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৬ উইকেটে ৩৫১ রান। তাতে লিড দাঁড়ায় ১৫৩ রান।

প্রথম দিনে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। পরে দিন শেষ করেছিল ১ উইকেটে ৯৬ রান নিয়ে। দ্বিতীয় দিনে খেলা হয়েছে ৮৬ ওভার। বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে।

সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৮৪ রান।

দ্বিতীয় দিনে প্রথম আউট হন মুমিনুল হক। হ্যাজেলউডের বলে ক্যারির হাতে ক্যাচ দিয়ে মুমিনুল আউট হন ৪৯ রানে। তাতে দ্বিতীয় উইকেটে ১০২ রানের জুটি ভাঙে। তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়েন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত।

আগের দিন ৩২ রানে অপরাজিত থাকা তানজিদ হাসান তামিম করেছেন ১৯৭ বলে ১০১ রান। তার ইনিংসে ছিল ৮ চার, ১ ছক্কা। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি তানজিদ। ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই পেলেন সেঞ্চুরি।

শান্ত ১২৬ বলে ৭ চার ও ১ ছক্কায় ৮৪ রান করেন। তিনি যখন আউট হন দলের স্কোর তখন ৪ উইকেটে ২৯৭। এরপর ১১ রানের দুই উইকেট পতন হয়। লিটন দাস শূন্য রানে আর মুশফিকুর রহিম ৩৬ রান করে সাজঘরে ফেরেন।

তবে সপ্তম উইকেটে জুটি গড়ে দিনের বাকি সময় পার করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। মিরাজ ৩২ রানে অপরাজিত ছিলো। হাসান মাহমুদ প্রথম ইনিংসে বোলিংয়ে নিয়েছিলেন ৬ উইকেট। ব্যাটিংও দারুণ করছেন তিনি। ৭৬ বল খেলে ১৩ রানে অপরাজিত ছিলেন। তবে তৃতীয় দিনের শুরুতে সাজঘরে ফেরেন তিন।

অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।

/জেএইচ/