শিরোনাম

ঐতিহাসিক সেঞ্চুরি নিয়ে যা বললেন তানজিদ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ঐতিহাসিক সেঞ্চুরি নিয়ে যা বললেন তানজিদ
তানজিদ হাসান তামিম

প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। ১০১ রানে আউট হওয়ার পর স্টার্ক-কামিন্স-হ্যাজলউডের মতো বিশ্বসেরা পেসারদের বিপক্ষে শান্ত থাকার কৌশলে সফলতার কথা জানালেন ২৫ বছর বয়সী এই ওপেনার।

চা-বিরতির সময় তানজিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখানে খেলার সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার। আমার কাছে এটি খুবই বিশেষ একটি মুহূর্ত, কারণ এখানে আমি প্রথমবার খেলছি এবং এটি আমার ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট। এমন ম্যাচে সেঞ্চুরি করতে পারাটা আমার জন্য সত্যিই বিশেষ কিছু।’

সাবেক অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট প্রশ্ন করেন, ‘তুমি তো অ্যাটাকিং ক্রিকেটই খেলো, নিজেকে সংযত করে কীভাবে ৫১ স্ট্রাইকরেটে সেঞ্চুরি করলে?’

এমন প্রশ্নে তানজিদের জবাব, ‘হ্যাঁ, দলের যা প্রয়োজন ছিল, আমি সেভাবেই খেলার চেষ্টা করেছি। উইকেটটাও ভালো ছিল বলে মনে হয়েছে। প্রতিপক্ষ বোলাররা আমার বিপক্ষে ভিন্ন ধরনের কৌশল নিয়ে এসেছিল, তবে আমি স্বাভাবিক ক্রিকেট খেলার এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি।’

এরপর অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণ সামলানোর বিষয়ে বাঁ-হাতি এই ওপেনার বলেন, ‘আমি শুধু বলের দিকে নজর রেখেছি এবং বল অনুযায়ী খেলার চেষ্টা করেছি। খুব বেশি কিছু করার চেষ্টা করিনি, বরং শান্ত থেকেছি এবং তারা যে বল বা পরিকল্পনা নিয়ে এসেছে, সে অনুযায়ী খেলেছি। এই উইকেটে স্বাভাবিক ক্রিকেটীয় শট খেলতে পারলে তা আমাদের জন্য ভালো হবে।’

/টিই/