শিরোনাম

বাংলাদেশ সিরিজ নিয়ে রোমাঞ্চিত হ্যাজেলউড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ সিরিজ নিয়ে রোমাঞ্চিত হ্যাজেলউড
জশ হ্যাজেলউড

এখন পর্যন্ত মাত্র ৬টি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। ডারউইন টেস্টের জন্য অস্ট্রেলিয়ার ঘোষণা করা ১৩ জনের স্কোয়াডে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন জশ হ্যাজেলউড ও অ্যালেক্স ক্যারি। হ্যাজেলউড জানালেন, বাংলাদেশের মুখোমুখি হতে রোমাঞ্চিত তিনি।

তিন সংস্করণ মিলিয়ে ক্যারি ও হ্যাজেলউড মাত্র ৯টি করে ম্যাচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। পেশাদার ক্রিকেটে চার শর বেশি ম্যাচ খেলেছেন হ্যাজলউড। বিশ্বের নানা প্রান্তের সেরা সব ব্যাটসম্যানের শক্তি ও দুর্বলতা তার জানা। কিন্তু টেস্টে বাংলাদেশের বিপক্ষে টেস্টে মাত্র একবারই খেলেছেন হ্যাজলউড। সেটা ২০১৭ সালে মিরপুর টেস্টে অস্ট্রেলিয়ার ২০ রানে হারের ম্যাচ; সেই ম্যাচে মোট ১৯.১ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন এই পেসার।

‘আনপ্লেয়েবল পডকাস্ট’ কে হ্যাজলউড বলেন, ‘সিরিজটা শুরু করার আগে অনেক কিছুই অজানা। মাঠের পরিস্থিতি অজানা, বিশেষ করে উইকেট এবং এই অবস্থায় প্রতিপক্ষের ধরনটা কেমন হবে। ফলে অনেক কিছুই অজানা, তবে আমার মতে এটা বেশ রোমাঞ্চকর।’

প্রথম টেস্টের ভেন্যু মারারা ক্রিকেট গ্রাউন্ডে পিচের আচরণও অজানা হ্যাজলউডের। অস্ট্রেলিয়ার এ মাঠে টেস্টই হয়েছে মাত্র দুটি আর এই দুই টেস্টের মাঝে ব্যবধান ২২ বছরের।

৩৫ বছর বয়সী হ্যাজলউড আরও বলেন, ‘ভিডিও ফুটেজ তো অবশ্যই আছে, সেখান থেকে ব্যাটসম্যানদের খেলার ধরন বোঝা সম্ভব। তবে মাঠে নেমে তৎক্ষণাৎ পরিস্থিতি বুঝে নিয়ে নতুন পরিকল্পনা সাজানোর প্রয়োজনও হতে পারে, যা সব সময়ই ব্যতিক্রমী ও নতুনত্বের স্বাদ দেয়।’

আনপ্লেয়েবল পডকাস্ট এর সহসঞ্চালক কেন রিচার্ডসন। তিনি উইকেট সম্পর্কে ধারণা দিয়েছেন হ্যাজেলউডকে। ডারউইনের শীতকালীন মাসে শুষ্ক গরমের কারণে মারারার ড্রপ-ইন উইকেট কিছুটা ধীরগতির হবে বলেই মনে করেন অস্ট্রেলিয়ার হয়ে ২৫টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি খেলা রিচার্ডসন।

মারারা ক্রিকেট গ্রাউন্ডে ১৩ আগস্ট শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। আজ (৬ আগস্ট) ছিল প্রথমদিন।

/টিই/