মালয়েশিয়ার বিপক্ষে খেলেই আমাদের জিততে হবে: সালাউদ্দিন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মালয়েশিয়ার বিপক্ষে খেলেই আমাদের জিততে হবে: সালাউদ্দিন
কোচ মোহাম্মদ সালাউদ্দিন

এশিয়ান গেমসে পদকের স্বপ্ন নিয়ে জাপানে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সব মনোযোগ কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ ঘিরে। নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেও সতর্ক করেছেন তিনি।

এশিয়ান গেমসের ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ম্যাচটি সামনে রেখে সালাউদ্দিনের ভাবনায় রয়েছে দীর্ঘ বিরতির পর মাঠে ফেরার বিষয়টি।

সালাউদ্দিন বলেন, ‘আমার মনে হয়, আমাদের প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ। ৫-৭ দিন ম্যাচ ছাড়া সরাসরি ম্যাচ খেলাটা আসলে খুব কঠিন হয়ে যাবে। প্রথম ম্যাচটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওইখানে আমরা কীভাবে খেলছি, সেখান থেকে পরেরটা চিন্তা করবো।’

এশিয়ান গেমসে মালয়েশিয়া বাংলাদেশের জন্য নতুন প্রতিপক্ষ নয়। এশিয়ান গেমসের আগের আসরেও কোয়ার্টার ফাইনালে এই দলের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। মালয়েশিয়ার ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাও রয়েছে সালাউদ্দিনের।

বাংলাদেশ দলের কোচ বলেন, ‘আমার সবই জানা আছে। কারণ মালয়েশিয়ার সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। এ ধরনের টুর্নামেন্টে আপসেট হতেই পারে। একই উইকেটে বারবার খেলা হয়, অনেক সময় টসও একটা ফ্যাক্টর হতে পারে। এ কারণে প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আগেই জিতে যাওয়া উচিত না। খেলেই আমাদের জিততে হবে।’

বাংলাদেশের লক্ষ্য পদক জয়। সালাউদ্দিন বলেন, ‘টপ লেভেলে ক্রিকেট খেলতে হলে আপনাকে চাপ নিয়েই খেলতে হবে। চাপ ছাড়া কখনো থাকতে পারবেন না। চাপ নেওয়াটাই বড় খেলোয়াড়, বড় দলের লক্ষণ।’

এশিয়ান গেমসের ক্রিকেটে আইসিসির নিয়মিত আন্তর্জাতিক ম্যাচের মতো সুযোগ-সুবিধা না থাকলেও গুরুত্বের জায়গা থেকে কোনো কমতি দেখছেন না বাংলাদেশ কোচ। সালাউদ্দিন বলেন, ‘আমাদের মনে হয়, এটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্বিপাক্ষিক সিরিজে হয়তো শুধু ক্রিকেটাররাই খুব ফোকাস করে। কিন্তু এখানে পুরো দেশের মানুষ তাকিয়ে আছে, একটা পদক আমাদের জন্য। ছেলেদের ওই মোটিভেশনটা আছে। আমরাও জানি এটার গুরুত্ব কতটুকু। ইনশাআল্লাহ ভালো করবো।’

বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি না হলে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরের ধাপে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। তবে কোনো হিসাবের ওপর নির্ভর না করে মাঠে খেলেই নিজেদের প্রমাণ করতে চান সালাউদ্দিন।

/টিই/