শিরোনাম

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম: আমিনুল হক

মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় ক্রীড়া পরিষদ প্রাঙ্গণে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

র‍্যালিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া পরিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এছাড়া বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড় ও সংগঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি এক মিলনমেলায় পরিণত হয়।

র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আমিনুল হক বলেন, ‘খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, বরং মানুষের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম।’

তিনি আরও বলেন, খেলাধুলা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কোনো বিভেদ নেই।

প্রতিমন্ত্রী দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি ক্রীড়াবান্ধব দেশ গঠনের আহ্বান জানান। তিনি ক্রীড়া দিবসকে কেন্দ্র করে আয়োজিত অন্যান্য কর্মসূচিতেও সংশ্লিষ্ট সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের অনুরোধ জানান।