শিরোনাম

কমনওয়েলথ দাবায় স্বর্ণ জিতলেন সাকলাইন

সিটিজেন স্পোর্টস ডেস্ক
কমনওয়েলথ দাবায় স্বর্ণ জিতলেন সাকলাইন
কমনওয়েলথ দাবায় স্বর্ণ জিতেছেন ফিদে মাস্টার সাকলাইন। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। শ্রীলংকার কালথারায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ওপেন অনূর্ধ্ব-২০ গ্রুপে তিনি স্বর্ণপদক জিতেছেন। ৯ খেলায় ৭ পয়েন্ট নিয়ে সামগ্রিকভাবে ওপেন বিভাগে রানার-আপ হলেও, অনূর্ধ্ব-২০ বছর বয়সী খেলোয়াড়দের মধ্যে শীর্ষে থেকে এ পদক নিজের করে নেন সাকলাইন।

আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করে মঙ্গলবার (২৬ মে) সকালে তিনি দেশে ফিরেছেন।

প্রতিযোগিতার শেষ রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে মালয়েশিয়ার ফিদে মাস্টার লিম জোও রিনকে পরাজিত করে সাকলাইন এ গৌরব অর্জন করেন। শুধু ক্লাসিক্যাল বা স্ট্যান্ডার্ড দাবা-ই নয়, এবারের আসরে র‌্যাপিড দাবায় অনূর্ধ্ব-২০ গ্রুপে রৌপ্য এবং ব্লিটজ দাবায় ব্রোঞ্জ পদকও নিজের ঝুলিতে পুরেছেন দেশের অন্যতম মেধাবী এ দাবাড়ু। গত বছর স্পেনে একটি বিশেষ প্রশিক্ষণের আমন্ত্রণ পেলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত তার যাওয়া হয়নি। তবে সে হতাশা ভুলে এবার ঠিকই আন্তর্জাতিক মঞ্চে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন তিনি। একই টুর্নামেন্টে নারীদের র‌্যাপিড দাবায় অনূর্ধ্ব-২০ গ্রুপে ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ রৌপ্য পদক লাভ করেন।

কমনওয়েলথ দাবার এ আসরে অংশ নেওয়া বাংলাদেশের অন্য দাবাড়ুদের মধ্যে ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ৬ পয়েন্ট নিয়ে ১৬তম এবং রায়ান রশিদ মুগ্ধ ৫ পয়েন্ট নিয়ে ৩৯তম স্থান অর্জন করেছেন। তবে বয়স ভিত্তিক ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে মুগ্ধ সাড়ে ৫ পয়েন্ট পেয়ে দশম স্থান অধিকার করেন। এ ছাড়া বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে জান্নাতুল প্রীতি সাড়ে ৪ পয়েন্ট নিয়ে ১৮তম, ওপেন অনূর্ধ্ব-১৮ গ্রুপে মো. জায়ান খান সাড়ে ৩ পয়েন্ট নিয়ে দশম এবং ওপেন অনূর্ধ্ব-১৬ গ্রুপে সায়ান মেরাব হাসান সাড়ে ৩ পয়েন্ট নিয়ে ২৩তম হন। অন্যদিকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ৭ খেলায় ৩ পয়েন্ট পেলেও অসুস্থতার কারণে শেষ দুই রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। টুর্নামেন্টে সাড়ে ৭ পয়েন্ট পেয়ে সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের গ্র্যান্ড মাস্টার মিত্রভা গুহ। এবারের ওপেন বিভাগে ৭ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ৩ জন আন্তর্জাতিক মাস্টারসহ বিশ্বের ১৩টি দেশের মোট ৯৬ জন দাবাড়ু অংশ নেন।

/এমএকে/