শিরোনাম

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশ দলের বাকি সদস্যরা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশ দলের বাকি সদস্যরা
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে দুই দফায় দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা ১৫ মিনিটে খেলোয়াড় ও কোচিং স্টাফসহ দলের দ্বিতীয় বহরটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এর আগে রবিবার (২৪ মে) দিবাগত রাতে ১৩ সদস্যের প্রথম বহরটি স্কটল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছিল।

মূল বিশ্বকাপে মাঠে নামার আগে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে টাইগ্রেসরা, যেখানে অপর দল নেদারল্যান্ডস। এ কন্ডিশনিং সিরিজ শেষেই নিগার সুলতানা জ্যোতির দল পাড়ি জমাবে বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডে।

দেশ ছাড়ার আগে মিরপুরে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি জানান, মিরপুরে প্রস্তুতি ম্যাচ ও নিবিড় অনুশীলন দলীয় আত্মবিশ্বাস বাড়াতে ইতিবাচক ভূমিকা রেখেছে। সাম্প্রতিক শ্রীলঙ্কা সিরিজের ফল নিজেদের পক্ষে না আসলেও, বেশ কয়েকজন ক্রিকেটারের ব্যক্তিগত পারফরম্যান্স পুরো দলকে বুস্ট আপ করেছে। নিজেদের সেরা প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে ভালো কিছু করতে দল পুরোপুরি প্রস্তুত বলে আশাবাদ ব্যক্ত করেন টাইগ্রেস অধিনায়ক।

/এমএকে/