শিরোনাম

ফেসবুক পেজ ফিরে পেলেন ‘ভাইরাল’ তাজু

কুড়িগ্রাম সংবাদদাতা
ফেসবুক পেজ ফিরে পেলেন ‘ভাইরাল’ তাজু
তাইজুল ইসলাম তাজু। ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশজুড়ে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর হারিয়ে যাওয়া ফেসবুক পেজ ‘তাজু ২.০’ অবশেষে উদ্ধার হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে নিজের পেজ থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

৯ মিনিট ৪২ সেকেন্ডের ওই ভিডিওতে তাজু জানান, গতকাল রবিবার থেকে তিনি পেজটি নিয়ে বেশ সমস্যায় ছিলেন। তবে ফেসবুক কর্তৃপক্ষ তার পেজটি ফিরিয়ে দিয়েছে। যারা এই দুঃসময়ে তার পাশে ছিলেন এবং সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ভক্তদের উদ্দেশে তাজু বলেন, ‘আমি যেন আমার চরাঞ্চলের অবহেলিত মানুষের কথা সারা বিশ্বের কাছে তুলে ধরতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন। আগের মতোই আপনাদের ভালোবাসা ও সমর্থন চাই।’

জানা গেছে, গতকাল দুপুরের পর হঠাৎ করেই ফেসবুক থেকে তাজুর পেজটি উধাও হয়ে যায়। পেজটিতে প্রায় ১০ লাখ ফলোয়ার ছিল। পেজটি হারিয়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের মাঝে ব্যাপক ক্ষোভ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছিল।

সম্প্রতি স্বাধীনতা দিবসে সরকারি দরে জিলাপি বিক্রির একটি ভিডিওর মাধ্যমে রাতারাতি ভাইরাল হন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার যুবক তাজু। তার সহজ-সরল উপস্থাপন শৈলী এবং গ্রামীণ জীবনের বাস্তব চিত্র দ্রুত মানুষের মন জয় করে নেয়। মাত্র ১০ দিনের ব্যবধানে তার পেজের অনুসারী সংখ্যা ৬ হাজার থেকে বেড়ে ১০ লাখে পৌঁছায়।

বর্তমানে কুড়িগ্রামের নারায়ণপুর ইউনিয়নে তার বাড়িতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবার ও সংবাদকর্মীদের ভিড় জমছে। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত মানুষের চাপে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে এক ধরনের অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে।

/এফআর/