নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের র‍্যালি
র‍্যালিতে বিএনপির দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে অংশ নেন নেতাকর্মীরা। ছবি: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে র‍্যালি করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়।

মিছিলে বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল ঘিরে ছিল বর্ণিল আয়োজন। নেতাকর্মীদের হাতে শোভা পায় বিএনপির দলীয় পতাকা, জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। মিছিলে ছিল ঘোড়ার গাড়ি, আর সাউন্ড বক্সে বাজছিল দলীয় স্লোগান ও বক্তব্য।

কয়েকটি ট্রাক ও পিকআপে চড়ে নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এসব যানবাহন থেকেও উচ্চস্বরে স্লোগান দিতে দেখা যায় তাদের।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ৭ নভেম্বরকে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন। তাদের ভাষ্য, ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। দিবসটির চেতনা ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ব্যানার ও ফেস্টুন নিয়ে র‍্যালিতে যোগ দেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ছবি: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর
ব্যানার ও ফেস্টুন নিয়ে র‍্যালিতে যোগ দেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ছবি: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

মিছিলে অংশ নেওয়া বংশাল থানা বিএনপির এক নেতা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। আমরা এই দিনের চেতনা ধারণ করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।

উত্তরা থেকে মিছিলে অংশ নেওয়া মহিলা দলের নেত্রী সোহানা বলেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা চাই, সবাই মিলে একটি গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে।

মিছিল ঘিরে নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় স্লোগান দিয়ে কর্মসূচিতে অংশ নেন। দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সাত দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, শোভাযাত্রা ও অন্যান্য কর্মসূচি নেওয়া হয়েছে।

এদিকে র‍্যালির কারণে নয়াপল্টনসহ এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

/এমআর/