শিরোনাম

ফজলুর রহমানকে ঢাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রশক্তির

ঢাবি সংবাদদাতা
ঢাবি সংবাদদাতা
ফজলুর রহমানকে ঢাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রশক্তির
বিএনপি নেতা ফজলুর রহমান ও জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

টকশোতে গণঅভ্যুত্থানকে ‘মেটিকুলাস ডিজাইন’ বলায় বিএনপি নেতা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকালে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

এদিন ঢাবির মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘স্মরণগাথায় জুলাই: বিপ্লবের দিনগুলি’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দেন আবু বাকের মজুমদার। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকেও তার মন্তব্যের জন্য হুঁশিয়ারি দেন তিনি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন।

ঢাবি শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি তাহমিদ আল মুদ্দাসিসর চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

/এফআর/