সিনিয়র সিটিজেন কার্ড চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সিনিয়র সিটিজেন কার্ড চালুর দাবি
জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা

প্রবীণরা সমাজের বোঝা নন, তারা দেশের অভিজ্ঞ ও মূল্যবান মানবসম্পদ। প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে প্রবীণবান্ধব রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরাম (বাসিসিফো)। সেইসঙ্গে সর্বজনীন সিনিয়র সিটিজেন কার্ড চালুরও দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাসিসিফোর উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

এর আগে একটি সংক্ষিপ্ত র‍্যালি অনুষ্ঠিত হয়। এবারের আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’।

প্রবীণ দিবসে উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত বক্তারা
প্রবীণ দিবসে উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত বক্তারা

সভায় বক্তারা বলেন, মানুষের গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও দ্রুত বাড়ছে। ফলে তাদের স্বাস্থ্যসেবা, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা, আবাসন, পরিবহন এবং দীর্ঘমেয়াদি পরিচর্যা নিশ্চিত করতে এখনই সমন্বিত পরিকল্পনা নেওয়া প্রয়োজন।

বাসিসিফোর সাধারণ সম্পাদক শেখ মো. খবির উদ্দিন বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের বোঝা নন; দেশের আজকের অবস্থান তৈরিতে তাদের মেধা, শ্রম, ত্যাগ ও অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

বাসিসিফোর সভাপতি ফেরদৌস আরা বেগম বলেন, বর্তমানে বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় সাড়ে ৯ শতাংশ প্রবীণ। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী দেশে প্রবীণ নাগরিকের সংখ্যা প্রায় ১ কোটি ৫৩ লাখ। বিভিন্ন পরিসংখ্যানে এ সংখ্যা ১ কোটি ৮০ লাখ পর্যন্ত বলা হচ্ছে। ২০৫০ সালের মধ্যে প্রতি ৫ জনে একজন প্রবীণ নাগরিক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে প্রবীণ নারীদের বড় একটি অংশ বিধবা ও আর্থিকভাবে পরিবারের ওপর নির্ভরশীল। তাদের জন্য দীর্ঘমেয়াদি পরিচর্যা কেন্দ্রেরও ঘাটতি রয়েছে।

তিনি বলেন, প্রবীণদের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা, সরকারি হাসপাতাল, ব্যাংক ও সরকারি দপ্তরে অগ্রাধিকার সেবা, আর্থিক ও খাদ্য নিরাপত্তা এবং সুলভ যাতায়াত নিশ্চিত করা জরুরি।

এ সময় সর্বজনীন সিনিয়র সিটিজেন কার্ড চালু, প্রবীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত, বয়স্ক ভাতা বৃদ্ধি, বিশেষ রেশন ব্যবস্থা, প্রতি উপজেলায় নারী ও পুরুষের জন্য পৃথক প্রবীণ নিবাস, প্রবীণ ফাউন্ডেশন ও দীর্ঘমেয়াদি যত্নকেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়। পাশাপাশি জাতীয় প্রবীণ নীতি-২০১৩ ও ভরণপোষণ আইনের কার্যকর বাস্তবায়ন এবং প্রবীণদের প্রতি নির্যাতন ও অবহেলাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবেু বিবেচনার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় বাসিসিফোর সহসভাপতি এএফএম আব্দুল আজিজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/জেএইচ/