শিরোনাম

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি সাফিকুর রহমান (ছবি:সংগৃহীত)

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে হওয়া একটি মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাফিকুর রহমান, তাঁর স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, বিমানের এমডি সাফিকুর রহমানের বাসায় একটি মেয়ে শিশু গৃহকর্মীর কাজ করে। ওই গৃহকর্মীকে দীর্ঘদিন ধরে মারধর করে আসছিলেন তিনি। এ বিষয়ে ওই গৃহকর্মীর পরিবার থানায় মামলা করলে পুলিশ গতকাল রাতে তাঁকেসহ চারজনকে গ্রেপ্তার করে।

বিমানের এমডিকে গ্রেপ্তার করার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ। তিনি সিটিজেন জার্নালকে বলেন, ‘আমরা খবর পাই যে উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসায় একজন কাজের মেয়েকে নির্যাতন করা হয়েছে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গৃহকর্তা তার স্ত্রী এবং দুই কাজের মহিলাসহ চারজনের নামে থানায় এজাহার দায়ের করা হয়। এজাহার দায়ের পর তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে আমরা জানতে পারি গ্রেপ্তার হওয়া ব্যক্তি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক। নির্যাতনের শিকার গৃহকর্মীকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

/বিবি/