শিরোনাম

৬৫ ঊর্ধ্ব ৫ সচিব নিয়োগ সরকারের

সিটিজেন ডেস্ক
৬৫ ঊর্ধ্ব ৫ সচিব নিয়োগ সরকারের
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

সরকার অবসরপ্রাপ্ত পাঁচজন কর্মকর্তাকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। তাদের বয়স ৬৫ থেকে ৭৫ বছরের মধ্যে। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল হাসান, যার বয়স ৭৫ বছর।

মঙ্গলবার (৩ মার্চ) চার কর্মকর্তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে রবিবার (১ মার্চ) ৬৯ বছর বয়সী মুন্সী আলাউদ্দিন আল আজাদকে এক বছরের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, শহিদুল হাসানের জন্ম ১৯৫১ সালে। তিনি ১৯৭৫ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৭ সালে ওয়ার্কস প্রোগ্রাম উইংয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে ২০০০ সালের ১১ ডিসেম্বর তাকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে গত রবিবার (১ মার্চ) স্থানীয় সরকার বিভাগের সচিব ড. রেজাউল মাকছুদ জাহেদীকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

অন্যদিকে, ৬৯ বছর বয়সী রফিকুল আই মোহাম্মদকে এক বছরের জন্য কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তার জন্ম ১৯৫৭ সালের ৬ ফেব্রুয়ারি। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৩ ব্যাচের কর্মকর্তা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা আবদুল খালেক। তার জন্ম ১৯৬১ সালের ৬ মার্চ নেত্রকোনা জেলায়। তিনি এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো পদে দায়িত্ব পালন করেননি। স্থানীয় সরকার, ভূমি, বিদ্যুৎ, বাণিজ্য ও নৌ পরিবহন মন্ত্রণালয়সহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে অফিসার্স ক্লাব ঢাকার কোষাধ্যক্ষ এবং পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল খালেক।

এ ছাড়া বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন। তার জন্ম ১৯৬০ সালের ৩০ ডিসেম্বর নোয়াখালী জেলায়। ৬৬ বছর বয়সে তিনি আবার সরকারি দায়িত্বে ফিরলেন।

পৃথক চারটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাদের যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাদের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী সরকার অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা, দক্ষতা ও যোগ্যতাকে বিশেষভাবে বিবেচনা করা হয়।

/এসএ/