শিরোনাম

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৪ বছর পর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। ট্রানজিট না থাকায় যাত্রীদের সময় কমবে এবং আনুমানিক ৩০ হাজার টাকা পর্যন্ত খরচ বাঁচবে। আপাতত সপ্তাহে দুই দিন এই ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আনুষ্ঠানিকভাবে আকাশপথে ঢাকা-করাচি-ঢাকা নন-স্টপ ফ্লাইট শুরুর মাধ্যমে পুরোনো সম্পর্কের ভিত আরও শক্ত করার পথে দুই দেশ।

দীর্ঘদিন পর পাকিস্তানে বাংলাদেশের ফ্লাইট পরিচালনায় উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা। তারা বলছেন, পাকিস্তান কেমন সেটা দেখার স্বপ্ন অনেক বাংলাদেশির আছে। দুই দেশের সরাসরি বিমান চালু সেই সুযোগ করে দিচ্ছে। পাশাপাশি এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক পুনরায় চালু হলে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও উন্নতি হবে।

ঢাকা থেকে করাচি ১৪৭১ মাইল দূরত্বের রুটে বিমান বাংলাদেশ ১৬২ সিটের বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ ব্যবহার করবে। আপাতত সপ্তাহে দুই দিন– বৃহস্পতি ও শনিবার এই ফ্লাইট চলবে।

প্রথম ফ্লাইটে যাত্রীদের প্রত্যাশিত সাড়া পাওয়া গেছে। বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, প্রথম ফ্লাইটের সব সিট বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় ফ্লাইটের সিটও ৮০ শতাংশের বেশি বিক্রি হয়েছে।

তিনি বলেন, এখন যারা যাত্রা করছেন, আগে সরাসরি ফ্লাইট না থাকায় তাদের অনেক ঘুরতে হতো। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় সময় অনেক কমে এসেছে। তিন ঘণ্টার মধ্যেই যাত্রা সম্পন্ন হবে এবং প্যাসেঞ্জারদের ট্রানজিটের ঝামেলাও নেই, তাই ভ্রমণ হবে খুবই স্বাচ্ছন্দ্য ও দ্রুত।

প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পাকিস্তান প্রতিবছর পর্যটন খাত থেকে ৩০ থেকে ৪০ বিলিয়ন ডলার রাজস্ব আয় করে। বিশেষজ্ঞরা মনে করছেন, ঢাকা-করাচি রুটটি কেবল ভ্রমণপ্রেমীদের জন্য নয়, বাণিজ্যিক ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

এভিয়েশন বিশেষজ্ঞ ও দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, সরাসরি বিমান চলাচলের মাধ্যমে দুই দেশের মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা শুধু যাত্রী পরিবহনেই লাভজনক হবে না, বরং কার্গো পরিবহনের ক্ষেত্রেও এখানে প্রচুর সুযোগ রয়েছে।

প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে যায়। ফলে পাকিস্তানে যেতে এতদিন যাত্রীদের দুবাই, দোহাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করতে হতো, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল।

নতুন নন-স্টপ ফ্লাইট চালুর ফলে রাউন্ড ট্রিপে যাত্রী ৩০-৭০ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাউন্ড ট্রিপে সর্বনিম্ন ৫১ হাজার টাকায় যাতায়াত করতে পারবেন ঢাকা-করাচির যাত্রীরা।

/জেএইচ/