শিরোনাম

প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

নিজস্ব প্রতিবেদক
প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
যুক্তরাষ্ট্রে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট'-এর উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

দেশের ভবিষ্যৎ গঠনে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় আরো গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট'-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

মঙ্গলবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র দফতরে আয়োজিত দুই দিনের এ সম্মেলন উদ্বোধন করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তার আমন্ত্রণেই জুবাইদা রহমান এ সম্মেলনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

হোয়াইট হাউসের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের চল্লিশের বেশি ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের সহধর্মিণীরা অংশ নিয়েছেন। এটি বিশ্বব্যাপী শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে উচ্চপর্যায়ের সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানের ওয়ার্কিং সেশনে জুবাইদা রহমান শিশুদের উন্নয়নে বৈশ্বিক অঙ্গীকারে বিশ্বনেতা ও অংশীদারদের একত্রিত করার জন্য মার্কিন ফার্স্ট লেডিকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, প্রতিটি দেশের ভবিষ্যৎ তার শিশুদের জীবন ও বিকাশের মধ্য দিয়েই নির্ধারিত হয়। আজ আমরা তাদের যে যত্ন করি, শিক্ষায় যে বিনিয়োগ করি এবং যে মূল্যবোধ গড়ে তুলি, তা-ই আগামী দিনে জাতিকে গড়ে তোলে।

বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দেশের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি এখানে এসেছি। আমার স্বামী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, আমাদের সদ্যনির্বাচিত গণতান্ত্রিক সরকার বিপুল ম্যানডেট নিয়ে ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, আমাদের সরকারের ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘ফার্মার্স কার্ড’-এর মতো উদ্যোগ পরিবারগুলোকে আর্থিক সুবিধা দেওয়ার মাধ্যমে শক্তিশালী করবে। তা শিশুদের নিরাপদ ও যত্নশীল পরিবেশে বেড়ে ওঠাও নিশ্চিত করবে।

অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী শিক্ষা প্রসঙ্গে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কথা বলেন জুবাইদা রহমান। তিনি এ সংগঠনটির ভাইস চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে নারীর ক্ষমতায়নে ‘মাইলফলক’ সৃষ্টি হয়েছিল বলেও মন্তব্য করেন তার পুত্রবধূ জুবাইদা।

সম্মেলনে যোগ দিতে গত ২২ মার্চ ঢাকা ছাড়েন জুবাইদা রহমান। লন্ডন হয়ে পরদিন তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান।

সম্মেলনে তিনি ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে তার সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খান, অর্থপোডিক সার্জন শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং আইনজীবী মেহনাজ মান্নান।

গ্লোবাল কোয়ালিশন সামিটের পাশাপাশি মঙ্গলবার ওয়াশিংটনে শীর্ষস্থানীয় ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি প্রদর্শনী ঘুরে দেখেন জুবাইদা রহমান।

বুধবার (২৫ মার্চ) হোয়াইট হাউসে মার্কিন ফার্স্ট লেডির আয়োজনে সম্মেলনের সমাপনী অধিবেশনেও অংশ নেবেন তিনি।

/এফসি/