শিরোনাম

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ

ঢাবি প্রতিনিধি
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ
শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সাংবাদিকদের উপর আইনশৃঙ্খলা বাহিনির হামলা প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: সিটিজেন জার্নাল

সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। এ সমাবেশে ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতা ও সাংবাদিকদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে। অথচ ক্ষমতায় আসার পর সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সরকার। বরং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্বাধীন সাংবাদিকতার পথে বাধা সৃষ্টি করছে এবং সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে।

সমাবেশে প্রথম আলোর সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান বলেন, পুলিশের কিছু অতিউৎসাহী সদস্য সাংবাদিকদের লাথি মেরে ফেলে দিচ্ছে এবং হামলা করছে।

সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, যারা এসব হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে, চাকরিচ্যুত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে ভবিষ্যতে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতা করা সম্ভব হবে না।

হামলায় আহত সাংবাদিক আবু বকর অভিযোগ করে বলেন, ডিসি মাসুদের উপস্থিতিতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা হয়েছে এবং তার মৌন সম্মতিতেই এই হামলা চালানো হয়েছে। সাধারণ মানুষকে মারধরের সময় প্রশ্ন তুললে তার তলপেটে লাথি মারা হয়। এ ধরনের আচরণ কোনো আইনশৃঙ্খলা বাহিনীর হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

আরেক গণমাধ্যমকর্মী রাকিব মাহমুদ বলেন, হাসিনার সময়ের পুলিশের মতো বর্তমান সরকারের অধীন পুলিশের আচরণেও কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তিনি এটিকে পরিকল্পিত হামলা উল্লেখ করে বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা আসন্ন নির্বাচনকে ভন্ডুল করার কোনো চক্রান্ত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। পুলিশের পোশাক পরিবর্তন করা হলেও চরিত্রের পরিবর্তন হয়নি। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানান তিনি।

সমাবেশ থেকে সাংবাদিকরা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের কর্মী-সমর্থকদের কর্মসূচি চলাকালে পুলিশের হামলায় একাধিক সাংবাদিক আহত হন। একই দিনে পে-কমিশনের দাবিতে সরকারি চাকরিজীবীদের আন্দোলনের সময়ও পুলিশ সাংবাদিকদের ওপর হামলা ঘটনা ঘটে।

/এসএ/