শিরোনাম

মশলার বাজারে মোবাইল কোর্ট চালাবে সরকার

বিশেষ প্রতিনিধি
মশলার বাজারে মোবাইল কোর্ট চালাবে সরকার

কোরবানির ঈদকে সামনে রেখে মশলার বাজারে অযৌক্তিক দামে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) বসিয়ে অভিযান চালাবে সরকার। চলতি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আসন্ন ঈদুল আযহার প্রাক্কালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনামূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১২ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে আইনশৃঙ্খলাসংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

কোরবানির ঈদে মশলার বাজারে কেউ অযৌক্তিক দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরি সিটিজেন জার্নালকে বলেন, তাদের টিম নিয়মিত বাজার তদারকি করছে। ঈদকে সামনে রেখে কেউ অযৌক্তিক দামে মশলাসহ অন্যান্য পণ্য বিক্রি করলেই অবশ্যই তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকির প্রতিবেদন অনুযায়ী, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে খুচরা পর্যায়ে পেঁয়াজ, আদা, রসুনসহ বিভিন্ন মশলার দাম বেড়েছে। এক সপ্তাহ আগে প্রতিকেজি পেঁয়াজের দাম ছিল ৩৫-৪০ টাকা। গতকাল তা বিক্রি হয়েছে ৪০-৫০ টাকায়।

একইভাবে, ১৪০-২০০ টাকার আমদানিকৃত আদা গতকাল বিক্রি হয়েছে ১৫০-২১০ টাকা। ৬০-১৪০ টাকার আমদানিকৃত রসুন, ১৬০-২২০ টাকা এবং ৬০-১৪০ টাকার; দেশি রসুন গতকাল ৯০-১৪০ টাকায় বিক্রি হয়েছে।

/এমআর/