শিরোনাম

বিচারক নিয়োগে নতুন আইন করা হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বিচারক নিয়োগে নতুন আইন করা হবে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অতীতের বিচারক নিয়োগ প্রক্রিয়ায় এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। তিনি জানান, ভবিষ্যতে স্বচ্ছতা, জবাবদিহি ও যোগ্যতার মানদণ্ড নিশ্চিত করে বিচারক নিয়োগে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬ পাসের সময় আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিলটির বিরোধিতা করে দেওয়া রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী নিজের অবস্থান তুলে ধরেন।

মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে সুপ্রিম কোর্টে এমন কিছু নিয়োগ হয়েছে, যেখানে যোগ্যতা ও নিরপেক্ষতার প্রশ্ন উঠেছে। এ সময় তিনি বলেন, ‘আমরা চাই না বাংলাদেশে আর কোনো মানিকের জন্ম হোক, আর কোন খায়রুল হক গজিয়ে উঠুক।’

তার ভাষায়, বিচার বিভাগকে মানুষের আস্থার জায়গা হিসেবে গড়ে তুলতে হলে নিয়োগ প্রক্রিয়াকে আরও পরিষ্কার, গ্রহণযোগ্য এবং জবাবদিহিমূলক করতে হবে।

তিনি আরও জানান, বিচারক নিয়োগের বিষয়টি আরও সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনতে সরকার আইন প্রণয়নের পাশাপাশি সংবিধান সংশোধনের লক্ষ্যে বিশেষ কমিটি গঠনের কথাও ভাবছে। সেই প্রক্রিয়ায় বিচার বিভাগের কাঙ্ক্ষিত মানদণ্ড, স্বাধীনতা এবং কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।

একই আলোচনায় আইনমন্ত্রী নিজের অতীত ভূমিকার প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তৎকালীন সরকারের অবস্থান আদালতে উপস্থাপন করেছিলেন। তবে বর্তমান সরকার বিচার বিভাগে নিয়োগের ক্ষেত্রে ভিন্ন নীতি নিয়েছে, যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, সরকার এমন একটি বিচারব্যবস্থা চায়, যেখানে সুপ্রিম কোর্ট হবে ন্যায়বিচারের সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা। রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে ভারসাম্য রেখে বিচার বিভাগকে আরও স্বাধীন ও সক্রিয় করার দিকেই এগোতে চায় সরকার।

/বিবি/