শিরোনাম

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের ইস্যুতে রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের ইস্যুতে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানামুখী আলোচনা। এ পরিস্থিতিতে পদত্যাগের বিষয়টিকে বিব্রতকর বলে আখ্যা দিয়েছেন খোদ রাষ্ট্রপতিই।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

পদত্যাগ করছেন কি না-এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, ‘দেখেন, প্রশ্নটা বিব্রতকর।’

তিনি বলেন, লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। আমি তখন মৃতপ্রায়, চিকিৎসাধীন ছিলাম। কারও যদি মাথা খারাপ হয়, সে এ ধরনের কথা বলতে পারে।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন আছে। সেটা গুঞ্জনই। উনি পদত্যাগ করবেন কি না, সেটা তাকে জিজ্ঞেস করতে হবে। তার পদত্যাগ করার অপশন আছে। এতে সরকারের তো কিছু করার নেই। পদত্যাগ করলে সেটা স্পিকার দেখবেন।

বঙ্গভবন সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি নিজে তার অধস্তন কর্মীদের শিগগিরই বঙ্গভবন ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রামে থাকবেন। চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারেন।

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নতুন রাষ্ট্রপতির মেয়াদেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। ফলে কে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন, তা রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

/এসবি/