শিরোনাম

হোটেলকক্ষে গোপন ক্যামেরা আছে কি না বুঝবেন যেভাবে

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
হোটেলকক্ষে গোপন ক্যামেরা আছে কি না বুঝবেন যেভাবে
লুকানো ক্যামেরা

নতুন জায়গায় ঘুরতে যাওয়া সবসময়ই উত্তেজনা ও রোমাঞ্চকর। তবে এর সঙ্গে কিছু চ্যালেঞ্জও থাকে। ঘুরতে গিয়ে ভ্রমণ পিপাসুরা সাধারণত হোটেল বা রিসোর্টেই ওঠেন। তবে হোটেলের কক্ষে লুকানো ক্যামেরা থাকতে পারে। যা গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে। এই ধরনের ঘটনা ইদানিং দেশে-বিদেশে সাধারণ ঘটনা হয়ে উঠেছে।

ঘুরতে গেলে তাই আগে আপনার হোটেল বা রিসোর্টের কক্ষটি গোপন ক্যামেরামুক্ত কিনা জানা জরুরি। অনেকের ধারণা এসব গোপন ক্যামেরা শনাক্ত করতে আলাদা কোনো আধুনিক যন্ত্রের প্রয়োজন হয়। কিন্তু আপনার হাতের স্মার্টফোনই হতে পারে কার্যকর হাতিয়ার।

স্মার্টফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করেই গোপন ক্যামেরার লেন্স খুঁজে পাওয়া সম্ভব। লুকানো ক্যামেরার লেন্স থেকে আলো প্রতিফলিত হয়। নির্গত এই অতি লাল বা ইনফ্রারেড আলো খালি চোখে দেখা যায় না। এজন্য প্রথমে আপনাকে কক্ষের সব আলো বন্ধ করতে হবে। এরপর ফ্ল্যাশলাইট চালু করে এয়ার ভেন্ট, ধোঁয়া শনাক্তকারী যন্ত্র, ঘড়ি বা আয়নার মতো জায়গায় আলো ফেলতে হবে। আলোয় যদি ক্ষুদ্র প্রতিফলন বা লেন্সের মতো কিছু দেখা যায়, সেটিই সন্দেহজনক।

ক্যামেরা শনাক্তকারী অ্যাপ ব্যবহার

বর্তমানে স্মার্টফোনের জন্য কিছু অ্যাপ আছে যা গোপন ক্যামেরা শনাক্ত করতে পারে। এসব অ্যাপ ইনফ্রারেড আলো, চৌম্বকক্ষেত্র বা অস্বাভাবিক সংকেত শনাক্ত করতে পারে। নির্ভরযোগ্য একটি অ্যাপ ডাউনলোড করে রুমের সন্দেহজনক স্থানে পরীক্ষা করলেই লুকানো ক্যামেরা ধরা পড়তে পারে।

ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার

অনেক সময় গোপন ক্যামেরা ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। স্মার্টফোন দিয়ে রুমের ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত যন্ত্র শনাক্ত করা যায়। এজন্য প্রথমে স্মার্টফোনের ওয়াই-ফাই সেটিংসে গিয়ে নেটওয়ার্কে যুক্ত যন্ত্রগুলোর তালিকা দেখতে হবে। তালিকায় যদি অপরিচিত বা সন্দেহজনক নামের ডিভাইস যেমন আইপি ক্যামেরা বা ক্যামেরা দেখা যায়, তাহলে আপনাকে সতর্ক হতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/