শিরোনাম

প্রজ্ঞাপনের আগেই জানা গেল পে স্কেলের সম্ভাব্য বেতন তালিকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রজ্ঞাপনের আগেই জানা গেল পে স্কেলের সম্ভাব্য বেতন তালিকা

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে নতুন জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল নিয়ে। নতুন বেতন কাঠামো অনুমোদনের প্রক্রিয়া ইতোমধ্যে এগিয়ে নেওয়া হয়েছে। আগামী সোমবারের মন্ত্রিসভা বৈঠকে পে স্কেলের প্রস্তাব উপস্থাপনের প্রস্তুতি চলছে। ওই বৈঠকে অনুমোদন মিললে আগামী বৃহস্পতিবারের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নতুন পে স্কেল নিয়ে সরকারের অভ্যন্তরে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে। মন্ত্রিসভার অনুমোদনের পর দ্রুত প্রজ্ঞাপন জারির জন্যও প্রস্তুতি রাখা হয়েছে।

এ অবস্থায় সরকারি চাকরিজীবীদের নজর এখন সোমবারের মন্ত্রিসভা বৈঠকের দিকে। প্রস্তাবটি অনুমোদিত হলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হবে।

বৃহস্পতিবারের মধ্যে আসতে পারে প্রজ্ঞাপন

সংশ্লিষ্ট ওই কর্মকর্তা জানান, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন আগামী সপ্তাহেই জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কাজ প্রায় শেষ পর্যায়ে। সোমবারের মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি এজেন্ডাভুক্ত করে অনুমোদনের জন্য তোলার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, মন্ত্রিসভা অনুমোদন দিলে দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। সে ক্ষেত্রে বৃহস্পতিবারের মধ্যেই নতুন পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত হতে পারে।

তবে চূড়ান্ত খসড়ায় সরকারি কর্মচারীদের মূল বেতন ও ভাতা কত শতাংশ বাড়বে, সে বিষয়ে অর্থ বিভাগের কর্মকর্তারা এখনো বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।

আগেও দেওয়া হয়েছিল পে স্কেল নিয়ে আভাস

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার সাংবাদিকদের জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় এটি ঘোষণা হতে পারে বলেও তিনি তখন উল্লেখ করেন।

এ ছাড়া গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণার বিষয়ে কাজ চলছে। প্রক্রিয়া শেষ হলে বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পরই প্রজ্ঞাপন জারির কার্যক্রম শুরু হবে।

দুই ধাপে বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ

নতুন বেতন কাঠামো তৈরির সুপারিশ দিতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের কথা রয়েছে।

এর মধ্যে প্রথম ধাপে মূল বেতন এবং দ্বিতীয় ধাপে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা কার্যকর করার সম্ভাবনা রয়েছে।

কোন গ্রেডে কত বেতন হতে পারে

চূড়ান্ত প্রজ্ঞাপন এখনো প্রকাশিত হয়নি। তাই নিচের তালিকাকে নিশ্চিত বেতন না ধরে প্রস্তাবিত বা সম্ভাব্য বেতন কাঠামো হিসেবে বিবেচনা করতে হবে। বিভিন্ন পর্যায়ে প্রকাশিত তথ্য অনুযায়ী সম্ভাব্য গ্রেডভিত্তিক মূল বেতন হলো—

গ্রেড ও সম্ভাব্য মূল বেতন

১ম গ্রেড: ১,৬০,০০০ টাকা (নির্ধারিত)

২য় গ্রেড: ১,৩২,০০০–১,৫৩,০০০ টাকা

৩য় গ্রেড: ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা

৪র্থ গ্রেড: ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা

৫ম গ্রেড: ৮৬,০০০–১,৩৯,৭০০ টাকা

৬ষ্ঠ গ্রেড: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা

৭ম গ্রেড: ৫৮,০০০–১,২৬,৮০০ টাকা

৮ম গ্রেড: ৪৭,২০০–১,১৩,৭০০ টাকা

৯ম গ্রেড: ৪৫,১০০–১,০৮,৮০০ টাকা

১০ম গ্রেড: ৩২,০০০–৭৭,৩০০ টাকা

১১তম গ্রেড: ২৫,০০০–৬০,৫০০ টাকা

১২তম গ্রেড: ২৪,৩০০–৫৮,৭০০ টাকা

১৩তম গ্রেড: ২৪,০০০–৫৮,০০০ টাকা

১৪তম গ্রেড: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা

১৫তম গ্রেড: ২২,৮০০–৫৫,২০০ টাকা

১৬তম গ্রেড: ২১,৯০০–৫২,৯০০ টাকা

১৭তম গ্রেড: ২১,৪০০–৫১,৯০০ টাকা

১৮তম গ্রেড: ২১,০০০–৫০,৯০০ টাকা

১৯তম গ্রেড: ২০,৫০০–৪৯,৬০০ টাকা

২০তম গ্রেড: ২০,০০০–৪৮,৪০০ টাকা

তবে সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এই তালিকাকে চূড়ান্ত হিসেবে দেখার সুযোগ নেই। চূড়ান্ত সিদ্ধান্তে বেতন, ভাতা কিংবা গ্রেডভিত্তিক অঙ্কে পরিবর্তন আসতে পারে।

বেতন-ভাতায় বড় বরাদ্দ

এদিকে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকেও নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে ‘নবম পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর’ শিরোনামে এ বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।

ই-বুকে উল্লেখ করা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট বরাদ্দের পরিমাণ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।

এখন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা মন্ত্রিসভার অনুমোদনের। সোমবারের বৈঠকে প্রস্তাবটি অনুমোদিত হলে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ আরও এক ধাপ এগিয়ে যাবে।

/এবি/