শিরোনাম

ইরানে মার্কিন হামলা: বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম

সিটিজেন ডেস্ক
ইরানে মার্কিন হামলা: বিশ্ববাজারে আবারও বাড়লো তেলের দাম
ইরানে মার্কিন হামলায় বিশ্ববাজারে আবারও তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

ইরানের কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাসে মার্কিন সামরিক বাহিনীর নতুন অভিযানের পর বিশ্ববাজারে তেলের দাম এক লাফে বেশ খানিকটা বেড়ে গেছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি এবং সংঘাতের অবসানে আলোচনার মাঝেই এই আকস্মিক হামলা ভূ-রাজনৈতিক উত্তেজনাকে নতুন করে উসকে দিয়েছে।

এ হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৩.৭৫% বেড়ে ব্যারেলপ্রতি ৯৭.৮৩ ডলারে দাঁড়িয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেল ৪% বেড়ে ৯২.২২ ডলারে পৌঁছেছে। বৈশ্বিক তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। ফলে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে একটি চুক্তির মাধ্যমে নৌপথটি পুনরায় সচল হওয়ার আশায় তেলের দাম কিছুটা কমলেও, ৩ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের এ দ্বিতীয় দফা হামলা বাজারকে আবারও উত্তপ্ত করে তুলল।

মার্কিন সেন্টকম দাবি করেছে, চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ ইরানে চালানো হামলাগুলো ছিল তাদের সৈন্যদের সুরক্ষার জন্য, যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন পাতার চেষ্টাকারী নৌকাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে তেহরান এ হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

সূত্র: বিবিসি

/এমএকে/