শিরোনাম

হরমুজ দিয়ে ১৩ কোটি ব্যারেল তেল পরিবহনের মার্কিন দাবি নাকচ ইরানের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হরমুজ দিয়ে ১৩ কোটি ব্যারেল তেল পরিবহনের মার্কিন দাবি নাকচ ইরানের
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

হরমুজ প্রণালি দিয়ে দুই সপ্তাহে ১৩ কোটি ব্যারেল তেল পরিবহনের মার্কিন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ শনিবার (২৯ আগস্ট) এক বক্তব্যে জানান, যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় এ অঞ্চল দিয়ে বিপুল পরিমাণ তেল সরবরাহের যে খবর প্রচার করা হচ্ছে, তার কোনো বাস্তবতা নেই। ওয়াশিংটন তাদের নৌ অবরোধের সফলতার যে চিত্র তুলে ধরার চেষ্টা করছে, এটি একপ্রকার সাজানো গল্প।

এর আগে হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলার দাবি করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ প্রণালি মার্কিন বাহিনীর জন্য উন্মুক্ত এবং নতুন করে অবরোধ আরোপের পর থেকে ইরান তাদের উপকূল দিয়ে এক ফোঁটা তেলও রপ্তানি করতে পারেনি। শুক্রবার (২৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে হোয়াইট হাউস জানায়, সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন সুরক্ষায় প্রায় ১ হাজার ৫০০টি বাণিজ্যিক জাহাজ ৭৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে হরমুজ পার হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের এ দাবি শুরু থেকেই নাকচ করে আসছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। তাদের বক্তব্য, হরমুজ প্রণালির মূল নিয়ন্ত্রণ এখনো তেহরানের হাতেই রয়েছে। ইরান সরকারের শর্ত না মানা পর্যন্ত কোনো দেশের জাহাজ অনুমতি ছাড়া এই পথে চলাচল করতে পারবে না।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেছিলেন, অপারেশন ইকোনমিক আউটকাস্ট এবং যুক্তরাষ্ট্রের কঠিন অবরোধ ইরানের অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। একই সঙ্গে ওয়াশিংটনের নির্দেশে গত দুই সপ্তাহে ১৩ কোটি ব্যারেল তেল আন্তর্জাতিক বাজারে গেলেও ইরান কোনো তেল পাঠাতে পারেনি।

বেসেন্টের পোস্টের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ লেখেন, মিথ্যাবাদী, তোমার প্যান্টে আগুন লেগেছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

/এমএকে/