যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি না রাখলে হরমুজ বন্ধই থাকবে: গালিবাফ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি না রাখলে হরমুজ বন্ধই থাকবে: গালিবাফ
ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

হরমুজ প্রণালি নিয়ে নিজেদের অনড় অবস্থান পরিষ্কার করেছে ইরান। দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা না করে, তবে এই জলপথ বন্ধই রাখা হবে। রবিবার (২০ সেপ্টেম্বর) পার্লামেন্টে দেওয়া এক ভাষণে এ হুঁশিয়ারি দেন তিনি।

গালিবাফ বলেন, জুনে স্বাক্ষরিত শান্তি চুক্তিটি বর্তমানে অকার্যকর। তবে ও চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ থাকবে। এছাড়া বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরান তাদের সব বার্তা ও সুনির্দিষ্ট শর্ত ইতোমধ্যে প্রতিপক্ষের কাছে পৌঁছে দিয়েছে।

ইরানি এ শীর্ষ নেতা আরও বলেন, প্রবঞ্চনা ও একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পথ চিরতরে বন্ধ হয়ে গেছে, তা শত্রুপক্ষ খুব ভালো করেই জানে। ইরানের জনগণের ন্যায্য অধিকারের স্বীকৃতি না দেওয়া এবং শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আলোচনা হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের তরফ থেকে প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় চালুর কোনো সুযোগই নেই।

সূত্র: আল জাজিরা

/এমএকে/