শিরোনাম

উত্তর সাইপ্রাসে ফেরিডুবির ঘটনায় নিহত ৭, নিখোঁজ ২৪

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
উত্তর সাইপ্রাসে ফেরিডুবির ঘটনায় নিহত ৭, নিখোঁজ ২৪
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

উত্তর সাইপ্রাস উপকূলে ২৭০ জনের মতো যাত্রী ও ক্রু নিয়ে একটি ফেরি ডুবে অন্তত ৭ জন নিহত হয়েছেন। তুর্কি সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এপি রবিবার (৩০ আগস্ট) এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। এখন পর্যন্ত ২৩৭ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ ২৪ জনের সন্ধানে এখনো তল্লাশি চলছে।

তুর্কি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটিকে দেওয়া সাক্ষাৎকারে উত্তর সাইপ্রাসের প্রধানমন্ত্রী উনাল উস্তেল জানান, এখন পর্যন্ত প্রায় ২৩৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, এখনও নিখোঁজ থাকা ২৪ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী উস্তেল বলেন, বিরূপ আবহাওয়ার মুখে পড়ে ফেরিটি ছাড়ার মাত্র ১৫ মিনিটের মধ্যে এতে পানি ঢুকতে শুরু করে। এর পরপরই জরুরি সহায়তার জন্য বার্তা পাঠানো হয়।

দুর্ঘটনাকবলিত ক্যাটামারান ঘরানার ফেরিটি জাতিগতভাবে বিভক্ত সাইপ্রাসের উত্তরাঞ্চলীয় কিরেনিয়া বন্দর থেকে রওনা হয়ে তুরস্কের মার্সিন প্রদেশের তাসুকু বন্দরের দিকে যাচ্ছিল। কিরেনিয়ার মেয়র মুরাত সেনকুল জানান, ফেরিটি ‘ফিলু দেনিজিলিক’ নামের একটি কোম্পানির মালিকানাধীন ছিল এবং সাইপ্রাসের উত্তর উপকূলীয় ডায়ানা বিচ এলাকা থেকে কিছুটা দূরে সাগরে ডুবে যায়।

টিআরটির প্রতিবেদনে বলা হয়েছে, তীরের উপকূলভাগ থেকে প্রায় সাড়ে ৭ কিলোমিটার গভীরে পৌঁছানোর পর ফেরিটিতে পানি ঢুকতে শুরু করেছিল। ছড়িয়ে পড়া দুর্ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা গেছে, উল্টে যাওয়া ফেরির আশপাশে লাইফ জ্যাকেট পরে ভাসছেন উদ্ধার পাওয়া ও সহায়তার অপেক্ষায় থাকা বেশ কয়েকজন যাত্রী।

সূত্র: এপি

/এমএকে/