শিরোনাম

সৌদিতে ৫ মার্কিন সামরিক বিমানে ইরানের হামলা

সিটিজেন ডেস্ক
সৌদিতে ৫ মার্কিন সামরিক বিমানে ইরানের হামলা
ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত। ছবি: টাইমস অব ইন্ডিয়া

ইরানের হামলায় সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর ৫টি রিফুয়েলিং এয়ারক্রাফট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

শুক্রবার (১৪ মার্চ) নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়, ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হলেও ওই ৫টি বিমান পুরোপুরি ধ্বংস হয়নি। এখন সেগুলো মেরামতের কাজ চলছে।

তবে এ প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড।

সাম্প্রতিক দিনগুলোতে এ হামলা হয়েছে বললেও ক্ষেপণাস্ত্র না ড্রোনে বিমানগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি ওয়াল স্ট্রিট জার্নাল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানে হামলা চালানো শুরু করলেও তেহরানও ইসরায়েলের বিভিন্ন শহর ও আশপাশের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট নানান স্থাপনায় পাল্টা হামলা শুরু করে।

ইসরায়েলের পর এখন পর্যন্ত ইরান সবচেয়ে বেশি পাল্টা হামলা চালিয়েছে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মার্কিন স্থাপনাগুলোতে। সৌদি আরবে তুলনামূলকভাবে কম হামলার খবর পাওয়া গেছে। তার মধ্যে কবে, কখন, কোন বিমান ঘাঁটিতে ৫ রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হল, তা জানায়নি ওয়ালস্ট্রিট জার্নাল।

এর আগে শুক্রবারই মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরাকে তাদের একটি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাংকার বা রিফুয়েলিং এয়ারক্রাফট ভূপাতিত হওয়ার কথা জানায়। ওই ঘটনায় বিমানটিতে থাকা ৬ ক্রু’র সবাই নিহত হয়েছে বলেও পরে নিশ্চিত করে তারা।

তারও আগে ইরানে হামলার শুরুর দিকেই কুয়েতে তিনটি মার্কিন যুদ্ধ্ববিমান বিধ্বস্ত হয়। কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনার ভুলে ওই বিমানগুলো বিধ্বস্ত হয় বলে পরে দাবি করে কুয়েত ও যুক্তরাষ্ট্র।

/এমআর/