শিরোনাম

সোমবার ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানি সেনাপ্রধান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সোমবার ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানি সেনাপ্রধান
পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সোমবার (২৩ আগস্ট) তেহরান সফর করবেন। রবিবার (২৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে তেহরান পৌঁছাবেন পাক সেনাপ্রধান। এ সফরে তিনি ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া বক্তব্যে বাঘাই বলেন, পাক সেনাপ্রধানের এই আলোচনার মূল লক্ষ্য হলো দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা শক্তিশালী করতে পাকিস্তানের প্রচেষ্টাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতিতে ইসলামাবাদ শুরু থেকেই দুই দেশের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কার্যকর ভূমিকা পালন করে আসছে।

এর আগে ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করেছিল। তবে হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচলের অধিকার এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার মতো কৌশলগত বিষয়ে দুই পক্ষের মধ্যে গভীর মতপার্থক্য তৈরি হয়। ফলে পরবর্তীতে পরিস্থিতি দ্রুত সামরিক সংঘাতের দিকে মোড় নেয়।

৮ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে ওয়াশিংটন ও তেহরান পাল্টাপাল্টি হামলা চালায়। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক স্থাপনায় আঘাত হানলে, জবাবে ইরানও জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/