শিরোনাম

মার্কিন ড্রোন ভূপাতিত ও এফ-৩৫ যুদ্ধবিমানে গুলির দাবি ইরানের

সিটিজেন ডেস্ক
মার্কিন ড্রোন ভূপাতিত ও এফ-৩৫ যুদ্ধবিমানে গুলির দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন। ছবি: মিডল ইস্ট আই

মধ্যপ্রাচ্যে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার (২৬ মে) শত্রুভাবাপন্ন একটি চালকবিহীন বিমান ইরানি আকাশসীমায় প্রবেশ করার পর সেটিকে শনাক্ত করে ভূপাতিত করা হয় বলে জানিয়েছে আইআরজিসি।

একই সঙ্গে বাহিনীটি দাবি করেছে, তারা একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, যার ফলে বিমানটি ইরানের আকাশসীমা ত্যাগ করতে বাধ্য হয়। এছাড়াও একটি আরকিউ-৪ গোয়েন্দা ড্রোনকে লক্ষ্য করেও তারা গুলি ছুড়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরও উল্লেখ করেছে, ওয়াশিংটনের যেকোনো ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার ‘বৈধ ও সুনির্দিষ্ট’ অধিকার তেহরানের আছে। দক্ষিণ ইরানে মাইন পাতার চেষ্টাকারী নৌকা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রসহ বিভিন্ন ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনী রাতভর ‘আত্মরক্ষামূলক’ হামলা চালানোর পরই এ কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এ হামলার বিষয়ে এক বিবৃতিতে বলেন, ইরানি বাহিনীর সৃষ্ট হুমকি থেকে মার্কিন সৈন্যদের রক্ষা করার জন্যই দক্ষিণ ইরানে আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে। তিনি আরও যোগ করেন, চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন সেন্ট্রাল কমান্ড সর্বোচ্চ সংযম বজায় রেখে তাদের বাহিনীকে রক্ষা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

/এমএকে/