শিরোনাম

চাপ প্রয়োগের নীতি ছাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব: আরাঘচি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
চাপ প্রয়োগের নীতি ছাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

আঞ্চলিক চরম উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও কূটনৈতিক আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে ইরান। তবে এ জন্য ওয়াশিংটনকে আগে চাপ প্রয়োগের পথ থেকে সরে আসতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে মার্কিন প্রশাসনকে নিজেদের নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি লেখেন, ‘কূটনীতিতে ফিরে আসা অসম্ভব নয়। তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে আস্থা তৈরি করতে হবে, সম্মানজনক ভাষায় কথা বলতে হবে। পাশাপাশি আমাদের অধিকার স্বীকার করতে হবে এবং নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।’ তিনি বোঝাতে চেয়েছেন, দুই দেশের সম্পর্কের ইতিবাচক মোড় এবং যেকোনো কার্যকর আলোচনার পরিবেশ তৈরি হওয়াটা পুরোপুরি নির্ভর করছে ওয়াশিংটনের মানসিকতা ও আচরণের পরিবর্তনের ওপর।

একই সময়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে নিজেদের কূটনৈতিক তৎপরতাও বাড়িয়েছে তেহরান। সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে এক বৈঠকে করেন আরাঘচি। এ আলোচনাকে ‘গঠনমূলক ও সৃজনশীল’ হিসেবে বর্ণনা করলেও বৈঠকে কোন কোন সুনির্দিষ্ট বিষয় উঠে এসেছে, তা খোলাসা করেননি তিনি।

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম অস্থিরতা বজায় থাকলেও তেহরান আলোচনার পথ পুরোপুরি বন্ধ করতে চায় না। আরাঘচির এই বক্তব্য এবং সাম্প্রতিক বৈঠকগুলো মূলত সেই কূটনৈতিক চ্যানেল খোলা রাখারই এক স্পষ্ট সংকেত।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/