শিরোনাম

লেবাননে ইসরায়েলি সামরিক কমান্ড হেডকোয়ার্টারে হিজবুল্লাহর হামলা

সিটিজেন ডেস্ক
লেবাননে ইসরায়েলি সামরিক কমান্ড হেডকোয়ার্টারে হিজবুল্লাহর হামলা
দক্ষিণ লেবাননের সাকসাকিয়েহ গ্রামে একটি ভবনে ইসরায়েলি বোমাবর্ষণের পর ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন লোকজন। ছবি: মিডল ইস্ট আই

লেবাননের নাকোরা শহরে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ কমান্ড হেডকোয়ার্টারে ‘আবাবিল’ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, শুধু এ হেডকোয়ার্টারই নয়, তারা আরও দুটি আবাবিল ড্রোন দিয়ে হাদ্দাথা শহরের দক্ষিণে অবস্থানরত ইসরায়েলি সৈন্যদের একটি দলকেও নিশানা করেছে। একই সঙ্গে ইয়োহমোর আল-শাকিফের কাছে ইসরায়েলি অবস্থানে ব্যাপক রকেট ও কামানের গোলা বর্ষণ করা হয়েছে। এর আগে শনিবার (৬ জুন) ইসরায়েলি বাহিনী ও তাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত ২৫টি অভিযান চালানোর দাবি করেছিল হিজবুল্লাহ। ইসরায়েলের যেকোনো বিপজ্জনক নীল নকশা প্রতিহত করতে তারা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে পুনর্ব্যক্ত করেছে গোষ্ঠীটি।

এদিকে, মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতিতে তথাকথিত ‘যুদ্ধবিরতি’র কার্যকারিতা নিয়ে তীব্র ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেছেন জর্জটাউন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক নাদের হাশেমি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল মূলত যুদ্ধবিরতি শব্দটিকে একটি উপহাসের পাত্রে পরিণত করেছে। পশ্চিম তীর ও লেবাননের প্রেক্ষাপট টেনে তিনি ব্যাখ্যা করেন, ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির অর্থ হলো অপর পক্ষ চুপচাপ বসে থাকবে আর তারা নিজেরা নির্বিচারে গুলি চালিয়ে যাবে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/