শিরোনাম

আইআরজিসির সঙ্গে যোগসূত্রের অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার ১৫

সিটিজেন ডেস্ক
আইআরজিসির সঙ্গে যোগসূত্রের অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার ১৫
বাহরাইনে ইরানের এজেন্টদের উস্কানিমূলক নির্দেশনা বাস্তবায়নের অভিযোগে মাঠ পর্যায়ের কর্মীরা গ্রেপ্তার। ছবি: বিএনএ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাহরাইনে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ জুন) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি (বিএনএ) এ তথ্য নিশ্চিত করেছে। মূলত জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং পূর্বে আটককৃত ইরানি এজেন্টদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাপ্ত গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ বিশেষ অভিযান চালানো হয়।

নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, ধৃত ব্যক্তিরা মাঠ পর্যায়ের কর্মী হিসেবে সক্রিয় ছিলেন। তারা মূলত বাহরাইনের সাধারণ নাগরিক, বিশেষ করে তরুণ ও কিশোরদের উস্কানি দিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে প্ররোচিত করার মিশনে নিয়োজিত ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে ইতোমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সন্দেহভাজনদের আইনের আওতায় আনতে তদন্ত জোরদার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

এ পদক্ষেপের ঠিক আগেই বাহরাইনের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ছোঁড়া ৩টি ইরানি ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন দেশটির প্রতিরক্ষা বাহিনী সফলভাবে প্রতিহত ও ধ্বংস করে। মূলত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ৩ হাজারেরও বেশি সামরিক ও সরকারি কর্মকর্তা নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে তীব্র আঞ্চলিক উত্তেজনা বিরাজ করছে।

হামলার প্রতিশোধ হিসেবে তেহরান ইসরায়েল এবং মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু বানানোর পাশাপাশি বৈশ্বিক নৌচলাচলের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। বর্তমানে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনতে এবং একটি বৃহত্তর চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/