শিরোনাম

মার্কিন অবরোধ মোকাবিলায় ইরানের ‘অনেক বিকল্প’ রয়েছে

সিটিজেন ডেস্ক
মার্কিন অবরোধ মোকাবিলায় ইরানের ‘অনেক বিকল্প’ রয়েছে
জাহাজ। ছবি: সংগৃহীত

মার্কিন অবরোধ মোকাবিলায় ইরানের হাতে ‘অনেক বিকল্প’ রয়েছে বলে জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফোয়াদ ইজাদি। তিনি বলেন, ইরানের অর্থনীতি মার্কিন নৌ অবরোধ সহ্য করতে সক্ষম রয়েছে।

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারের ‘ইরানের অর্থনীতিকে চেপে ধরা হচ্ছে’ মন্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইজাদি বলেন, মিলার সম্ভবত ‘ভুলে গেছেন’ যে ইরান প্রায় ৬ হাজার কিলোমিটার (৩,৭০০ মাইল) দীর্ঘ স্থল সীমান্ত দ্বারা পরিবেষ্টিত। এই সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও সরবরাহ চালু রাখা সম্ভব।

তিনি আরও বলেন, ইরান উত্তর ও পূর্বের ‘বন্ধুসুলভ প্রতিবেশী’ দেশগুলোর কাছ থেকে সাহায্য পাচ্ছে। ফলে যুক্তরাষ্ট্র ইরানকে অবরুদ্ধ করতে পারবে না।

ইজাদির মতে, নৌ অবরোধ আরোপ করা ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ।’ কারণ ‘বৈদেশিক নীতি অর্জনের জন্য বেসামরিক নাগরিকদের শাস্তি দেওয়া উচিত নয়’। তিনি বলেন, ‘তারা ইতোমধ্যেই বহু ইরানি বেসামরিক নাগরিককে হত্যা করে অন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে।’

আন্তর্জাতিক আইন অনুযায়ী, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া নৌ অবরোধকে আগ্রাসন হিসেবে দেখা হয়। ফলে ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের বিষয়টি বিতর্ক সৃষ্টি করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর ইরানে অন্তত ২ হাজার ৭৬ জন নিহত এবং প্রায় ২৬ হাজার ৫০০ জন আহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/