শিরোনাম

ইসরায়েলের ‘অমানবিক’ আচরণ, মার্কিন সিনেটরের নিন্দা

সিটিজেন ডেস্ক
ইসরায়েলের ‘অমানবিক’ আচরণ, মার্কিন সিনেটরের নিন্দা

ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ আটক কর্মীদের নিয়ে উপহাস করে একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ইসরায়েলে স্বাগতম’।

ভিডিওতে আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত আন্দোলনকর্মীদের জিপ-টাই দিয়ে বাঁধা অবস্থায় হাঁটু গেড়ে বসে থাকতে দেখা গেছে। সেই সময়ে লাউডস্পিকারে উচ্চস্বরে ইসরায়েলের জাতীয় সঙ্গীত বাজতে থাকে।

আরও দেখা গেছে, আন্দোলনকর্মীদের হাত বেঁধে সশস্ত্র ইসরায়েলি প্রহরীরা তাদের কপাল মাটিতে ঠেকিয়ে রাখতে বাধ্য করছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা এ ঘটনার নিন্দা জানাচ্ছেন।

মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন ও জেফ মার্কলি আটক গাজা ফ্লোটিলার কর্মীদের প্রতি বেন-গভিরের আচরণের নিন্দা জানিয়ে বলেছেন, এটি ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের বৃহত্তর কর্মকাণ্ডকেই প্রতিফলিত করে।

সিনেটর মার্কনি এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘এই বন্দীদের প্রতি বেন-গভিরের আচরণ জঘন্য ও অমানবিক।’

‘যখন আমরা গাজার ধ্বংসপ্রাপ্ত জনপদ ও দুর্দশাগ্রস্ত পরিবারগুলোর ছবি দেখি, তখন আমরা বুঝতে পারি কেন মানুষ পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ হয়,’ বলেন তিনি।

অন্যদিকে সিনেটর ভ্যান হোলেন বলেছেন, ‘বেন-গভির ক্যামেরার সামনেই আটককৃ মানবাধিকার কর্মীদের সঙ্গে এমন আচরণ করছেন, রুদ্ধদ্বার কক্ষে ফিলিস্তিনিদের সাঙ্গে যা ঘটে সে কথা তো বলাই বাহুল্য।’

তিনি বলেন, ‘এই আচরণ জঘন্য। অনেক আগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত ছিল।’

/জেএইচ/