শিরোনাম

উত্তেজনার মধ্যেই কমলো তেলের দাম

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
উত্তেজনার মধ্যেই কমলো তেলের দাম
জ্বালানি তেল

চলমান উত্তেজনার মধ্যেই ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এর আগেই বিনিয়োগকারীরা মুনাফা তুলে নিচ্ছে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

সোমবার (২৪ আগস্ট) প্রতি ব্যারেল তেলের দাম এক ডলারের বেশি কমে যায়।

এদিকে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ আরও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা।

সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১.২৩ ডলার বা ১.৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩.১৬ ডলারে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ১.৩৬ ডলার বা ১.৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৫.৭০ ডলারে নেমে এসেছে।

এর আগে গত সপ্তাহে দুই ধরনের তেলের দামই ৫ শতাংশের বেশি বেড়েছেল। বিশেষজ্ঞরা জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা অচলাবস্থা এবং হরমুজ প্রণালিতে তেল পরিবহন কমে যাওয়ায় দাম বৃদ্ধি পায়। যুদ্ধের আগে প্রণালিটি দিয়ে এক-পঞ্চমাংশ জ্বালানি পরিবহন করা হতো।

সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের ঘোষণা দিতে পারেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন।

বিশ্লেষকদের মতে, নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরানের তেল রপ্তানি আরও কমে যেতে পারে। ফলে বিশ্ববাজারে সরবরাহ সংকট তীব্র হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের জবাবে ইরান যদি সামরিক উত্তেজনা বৃদ্ধি করে, তবে জ্বালানি বাজারে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।

এদিকে ইরানে নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার পরিকল্পনার নিন্দা জানিয়েছে তেহরান। পাশাপাশি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।

সূত্র: শাফাক নিউজ