কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, বহু হতাহত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, বহু হতাহত
কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

কানাডার আলবার্টায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। আহতদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো।

শনিবার (১৭ অক্টোবর) কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটের একটি প্রশিক্ষণ এলাকায় প্রথম আগুন লাগার খবর পায় পুলিশ। খবর পেয়ে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) ও সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তবে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে প্রবল ঝোড়ো হাওয়া বইতে থাকায় আগুন দ্রুত ঘাঁটির সীমানা ছাড়িয়ে পাশের গ্রামীণ এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে। বাতাসে গাছপালা উপড়ে যায়, রাস্তার সাইনবোর্ড উল্টে যায় এবং উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। গভীর রাত পর্যন্ত দমকলকর্মীরা নিরলস চেষ্টা চালিয়ে স্থানীয় সময় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ওয়েনরাইট পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করা সম্ভব হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়েনি।

তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্টভাবে নিহতের সংখ্যা জানা না গেলেও হতাহতের সংখ্যা অনেক বলে ধারণা করা হচ্ছে। এডমন্টনের রয়্যাল আলেকজান্দ্রা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর ওয়ারেন থার্স্ক জানান, ঘাঁটির কাছের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী চলে আসায় আহতদের শহরের অন্যান্য হাসপাতালগুলোতে পাঠানো হচ্ছে। পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, এটা একটা বিপর্যয়। প্রতি ১৫ থেকে ২৫ বছরে একবার এমন বিপর্যয় ঘটে।

অটোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কানাডার প্রতিরক্ষা মন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর আসল কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ কাজ করছে। পুরো পরিস্থিতিকে তিনি অত্যন্ত সক্রিয় ও নাজুক বলে উল্লেখ করেন।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির শীর্ষ নেতারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি লিখেছেন, ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা রইল। আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ ঘটনাটিকে গুরুতর ও মর্মান্তিক বলে অভিহিত করেছেন। অন্যদিকে, কনজারভেটিভ বিরোধীদলীয় নেতা পিয়ের পোলিভিয়ার ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে জরুরি নির্দেশনা মেনে চলতে এবং জরুরি সেবাকর্মীদের চলাচলের সুবিধার্থে রাস্তা খালি রাখার অনুরোধ জানিয়েছেন। প্রতিবেশী রাজ্য সাসকাচোয়ানের প্রিমিয়ার স্কট মো-ও আলবার্তায় প্রয়োজনীয় সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছেন।

কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট দেশটির অন্যতম প্রধান ও ব্যস্ততম সামরিক প্রশিক্ষণ কেন্দ্র। এখানে কানাডিয়ান ম্যানুভার ট্রেনিং সেন্টার ও ৩য় কানাডিয়ান ডিভিশন ট্রেনিং সেন্টার অবস্থিত। প্রায় ৭ হাজার জনসংখ্যার ওয়েনরাইট শহরের পাশে অবস্থিত এ ঘাঁটির অগ্নিকাণ্ড স্থানীয় রাজনৈতিক কার্যক্রমেও প্রভাব ফেলেছে। আলবার্টার আসন্ন গণভোটের আগাম ভোটগ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে লয়েডমিনস্টার ও ভারমিলিয়নের দুটি ভোটকেন্দ্র নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে ব্যালট বাক্স নিরাপদে সরিয়ে নেয় ইলেকট্রনস আলবার্টা। বর্তমানে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: সিএনএন

/এমএকে/