শিরোনাম

ইউরোপের টেক্সটাইল মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

বিশেষ প্রতিনিধি
ইউরোপের টেক্সটাইল মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্য মেলা ‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহায়তা এবং পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় দেশের ১৪টি স্বনামধন্য টেক্সটাইল ও অ্যাপারেল প্রতিষ্ঠান এবারের আয়োজনে অংশগ্রহণ করছে।

মঙ্গলবার (১৯ মে) পর্তুগালের পোর্তো শহরের আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ এক্সপোনর-এ শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত। টেক্সটাইল, অ্যাপারেল, ফুটওয়্যার, লেদার এবং টেক্সটাইল যন্ত্রপাতি শিল্পকে কেন্দ্র করে আয়োজিত এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তা, ক্রেতা ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজের দীনা বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন। এ সময় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী, সম্ভাব্য ক্রেতা এবং কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বৈশ্বিক অ্যাপারেল খাতে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, মানসম্মত, টেকসই ও কমপ্লায়েন্ট পোশাক উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছে। তিনি আশা প্রকাশ করেন, এই মেলায় বাংলাদেশের অংশগ্রহণ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে এবং ইউরোপীয় বাজারে বাংলাদেশের উপস্থিতি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক বি গ্রুপ আয়োজিত এ মেলাকে ইউরোপের টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আসরে ২০টিরও বেশি দেশের ২৫০টির বেশি প্রদর্শক এবং প্রায় পাঁচ হাজার পেশাজীবী অংশ নিচ্ছেন।

বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের অ্যাপারেল উৎপাদন সক্ষমতা, টেকসই উন্নয়ন, কমপ্লায়েন্স, উদ্ভাবন এবং রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষমতা তুলে ধরা হচ্ছে। মেলা উপলক্ষে ইপিবি বিশেষ ব্রশিওর প্রকাশ করেছে এবং রপ্তানি উন্নয়নবিষয়ক টেলিভিশন বিজ্ঞাপনও প্রদর্শন করা হচ্ছে।

এদিকে আগামী ২০ মে পর্তুগালের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী ব্যবসায়িক সংগঠন পোর্তো কমার্শিয়াল অ্যাসোসিয়েশনের পরিচালক ড. মারিয়া দা পাজ কামিনার সঙ্গে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং ব্যবসায়ী প্রতিনিধিদের একটি বিজনেস মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একই দিন বাংলাদেশি এক্সিবিটর ও পর্তুগিজ ব্যবসায়ী নেতাদের সম্মানে একটি নেটওয়ার্কিং ডিনারেরও আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পর্তুগিজ আমদানিকারক, ক্রেতা, ব্যবসায়ী নেতা এবং স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্যরা অংশ নেবেন। আয়োজকদের মতে, এই আয়োজন ভবিষ্যৎ ব্যবসায়িক অংশীদারিত্ব, সহযোগিতা ও ধারণা বিনিময়ের জন্য কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

/এমআর/