শিরোনাম

স্পেনে বন্দুকধারীদের হামলায় গর্ভবতী নারীসহ নিহত ৩

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
স্পেনে বন্দুকধারীদের হামলায় গর্ভবতী নারীসহ নিহত ৩
স্পেনের একটি অবকাশযাপন কেন্দ্রে এক গর্ভবতী নারীসহ তিনজন নিহত হয়েছেন

স্পেনের দক্ষিণাঞ্চলে আচমকা গুলিবর্ষণে এক কুখ্যাত গ্যাং লিডারের গর্ভবতী বোন ও শাশুড়িসহ তিনজনের মৃত্যু হয়েছে। পর্তুগাল সীমান্ত থেকে মাত্র সাড়ে সাত কিলোমিটার দূরে উপকূলীয় শহর ইসলা ক্রিস্টিনার এল রোসিও এলাকায় রবিবারের (১৬ আগস্ট) এ হামলায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) স্পেনের গার্দিয়া সিবিল পুলিশ আনুষ্ঠানিকভাবে এ ঘটনার খবর সামনে আনে।

পুলিশের দেওয়া তথ্যমতে, আততায়ীর হামলায় প্রাণ হারিয়েছেন ‘এল বাবা’ নামে পরিচিত এক কারাবন্দি গ্যাং লিডারের ৬২ বছর বয়সী শাশুড়ি ও ৩৯ বছর বয়সী গর্ভবতী বোন। একই ঘটনায় গুলিতে প্রাণ হারায় ১৬ বছর বয়সী এক কিশোর। যদিও তার সঙ্গে অপরাধী পরিবারের কোনো সরাসরি সম্পর্ক ছিল না। হামলায় ‘এল বাবা’র ১৮ বছর বয়সী ভাগ্নে মারাত্মক চোট পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সামান্য আঘাত পেয়েছেন আরও একজন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মূলত এলাকাভিত্তিক চোরাচালানের নিয়ন্ত্রণ ও পুরোনো শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। কুখ্যাত ‘বাবা ক্ল্যান’ চক্রের সঙ্গে ‘মোরিনা ক্ল্যান’-এর মতো প্রতিদ্বন্দ্বী পরিবারগুলোর বিরোধ দীর্ঘদিনের। ২০২৪ সালে এক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছিল। ওই সংঘাতের কয়েক সপ্তাহের মাথায় স্পেনের উত্তরাঞ্চল থেকে আটক হন মূল গ্যাং প্রধান ‘এল বাবা’। বর্তমানে তিনি কারাগারে বন্দি থাকলেও তার স্বজনদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। কারাবন্দি গ্যাং লিডারের পরিবারের ওপর প্রকাশ্যে হামলায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত মূল আততায়ীদের ধরতে এলাকাজুড়ে সাঁড়াশি অভিযান চলছে।তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

সূত্র: রয়টার্স

/এমএকে/