শিরোনাম

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
উড্ডয়নের কিছুক্ষণ পরেই মুজাফফারাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ছবি: দ্য সানডে গার্ডিয়ান

পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদে কারিগরি ত্রুটির কারণে সেনাবাহিনীর একটি পরিবহন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এবং বার্তা সংস্থা ডনের বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রাশিয়ার তৈরি এমআই-১৭ মডেলের হেলিকপ্টারটি মুজাফফরাবাদের কাছে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়ে। আইএসপিআর এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার ও পুনরুদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে দুর্ভাগ্যবশত হেলিকপ্টারে থাকা কোনো ব্যক্তিকেই আর জীবিত পাওয়া যায়নি। এ দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে ইতোমধ্যে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ সেনাবাহিনীর সব পর্যায়ের সদস্যরা। সেই সঙ্গে তারা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের আগস্টেও খাইবার পাখতুনখোয়ার মোহমান্দ জেলায় খারাপ আবহাওয়ার কারণে আরেকটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল, যাতে দুই পাইলট ও তিন ক্রু সদস্য প্রাণ হারান।

সূত্র: ডন

/এমএকে/