শিরোনাম

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ১৩০৮

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ১৩০৮
নেপালে ভয়াবহ বন্যার ধ্বংসচিত্র

গত সপ্তাহের আকস্মিক বন্যায় নেপাল ও তিব্বতে এখন পর্যন্ত ১ হাজার ৩০৮ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত পাওয়া গেছে। দুই দেশেই এখনো সন্ধান মেলেনি ৫ হাজার ৬২৪ জনের।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নেপালের বিপর্যয় প্রশমন সংস্থা এক বিজ্ঞপ্তিতে জানায়, সেখানে পানিতে ভেসে গিয়ে ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৭ জনে। দেশটিতে এখনো ৫ হাজার ৮৩ জন মানুষ নিখোঁজ। দুর্গম পাহাড়ি পথ আর বৈরী আবহাওয়ার কারণে সাধারণ মানুষের পাশাপাশি আটকা পড়াদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

চীনের তিব্বত অংশেও একই দুর্যোগে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর সেখানে এখনো নিখোঁজ ৫৪১ জন। নিখোঁজের তালিকায় থাকা মোট মানুষের মধ্যে অন্তত ৮০০ জনই বিদেশি নাগরিক। এদের একটা বড় অংশ বিভিন্ন শৃঙ্গে ওঠা পর্বতারোহী এবং হিন্দু ও বৌদ্ধদের পবিত্র তীর্থস্থান কৈলাস মানস সরোবরে যাওয়া পুণ্যার্থী।

পাহাড়ি নদীর পানির তীব্র স্রোতে অনেক মরদেহ ভেসে সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছে। ভারতের সীমানা থেকে এখন পর্যন্ত ১৭টি মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও পরিচয় নিশ্চিত না হওয়ায় তাদের এখনো এ দুর্যোগের মূল মৃত্যু তালিকায় যুক্ত করা হয়নি।

সূত্র: নেপাল নিউজ

/এমএকে/