শিরোনাম

সমুদ্রতলে মিললো ৫৩ লাখ বছরের পুরোনো তিমির সমাধিক্ষেত্র

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
সমুদ্রতলে মিললো ৫৩ লাখ বছরের পুরোনো তিমির সমাধিক্ষেত্র
ভারত মহাসাগরের তলদেশে তিমির সমাধিক্ষেত্র আবিস্কার করেছে বিজ্ঞানীরা। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের তলদেশে এক বিশাল তিমির সমাধিক্ষেত্রের সন্ধান পেয়েছেন আন্তর্জাতিক গবেষকরা। প্রায় ১,২০০ কিলোমিটার দীর্ঘ এবং ৭ কিলোমিটার গভীর এ রহস্যময় স্থানটি বিজ্ঞানীদের পুরোনো সব ধারণাকে ওলটপালট করে দিয়েছে। সেখানে লাখ লাখ বছর আগের বিলুপ্ত প্রজাতির জীবাশ্মের সন্ধান মিলেছে। ভৌগোলিক দিক থেকে অত্যন্ত দুর্গম ডায়ামান্টিনা ফ্র্যাকচার জোনে সমুদ্রতলের শৈলশিরা ও গভীর পরিখা নিয়ে এটি গঠিত।

প্রখ্যাত বিজ্ঞান সাময়িকী 'নেচার'-এ প্রকাশিত এ গবেষণায় চীন, ইতালি এবং নিউজিল্যান্ডের একটি যৌথ গবেষক দল অংশ নেয়। চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের প্রধান গবেষক জিয়াওটং পেং জানান, এত বিশাল আকারের একটি সমাধিক্ষেত্র খুঁজে পাওয়াটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। স্থানটির গভীরতা, বিস্তৃতি এবং তিমির দেহাবশেষের বয়স বৈজ্ঞানিক মহলে ব্যাপক উত্তেজনা ও কৌতুহলের সৃষ্টি করেছে।

এ রোমাঞ্চকর অভিযানে গবেষকরা বিশেষ ডুবোযানের মাধ্যমে প্রায় ৩২ বার সমুদ্রের তলদেশে যান। তারা ৪৮৫টি তিমির জীবাশ্ম থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করেন। উদ্ধারকৃত কঙ্কাল ও দেহাবশেষগুলোর মধ্যে কয়েকটির বয়স প্রায় ৫৩ লক্ষ বছর, যা সম্পূর্ণ নতুন কোনো জীব বা প্রজাতির ইঙ্গিত দেয়। উদ্ধার হওয়া জীবাশ্মগুলোর মধ্যে ৫৩ লক্ষ বছর পুরোনো ঠোঁটযুক্ত টেরোসেটাস বেঙ্গুয়েলাই যেমন রয়েছে, তেমনি পাওয়া গেছে ৫ মিটার দীর্ঘ একটি অ্যান্টার্কটিক মিঙ্কে তিমির মৃতদেহ। এটিই এযাবৎকালের বৃহত্তম আবিষ্কার। এছাড়া এ স্থানটির নামানুসারে টেরোসেটাস ডায়ামান্টিনাই নামের সম্পূর্ণ নতুন একটি বিলুপ্ত প্রজাতিরও সন্ধান মিলেছে এখানে।

গভীর সমুদ্রের এ বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা মৃতদেহগুলোকে কেন্দ্র করে জেলিফিশ, কেঁচো এবং ক্রাস্টেশিয়ানসহ এক বৈচিত্র্যময় ও অদ্ভুত প্রাণীগোষ্ঠী বেঁচে রয়েছে। ক্যালভার্ট মেরিন মিউজিয়ামের স্টিফেন জে গডফ্রে এ আবিষ্কারকে একটি অনন্য মাইলফলক বলে আখ্যায়িত করেছেন। দুর্গমতার কারণে এ মুহূর্তে স্থানটিতে প্রবেশাধিকার সীমিত হলেও, সেখানে আরও বহু অজানা রহস্য লুকিয়ে রয়েছে বলে গবেষকদের ধারণা।

সূত্র: বিবিসি

/এমএকে/