শিরোনাম

গাঁজা চাষের বৈধতা পেলো নেপালের গণ্ডকী প্রদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গাঁজা চাষের বৈধতা পেলো নেপালের গণ্ডকী প্রদেশ
নেপালের গণ্ডকী প্রদেশ গাঁজা চাষের বৈধতা পেয়েছে

নেপালের গণ্ডকী প্রদেশে আনুষ্ঠানিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে চিকিৎসা উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, প্রাদেশিক আইনসভার সরকারি ও বিরোধী দল- উভয় পক্ষের সর্বসম্মত সমর্থনে আইনটি পাস হয়েছে। সোমবার (৩ আগস্ট) প্রদেশের গভর্নর বিলে স্বাক্ষর করার পর সিদ্ধান্তটি কার্যকর হয়।

পর্যটননগরী পোখরা এবং বিখ্যাত পর্বতমালার জন্য পরিচিত গণ্ডকী প্রদেশ এই পদক্ষেপের মাধ্যমে পুরো নেপালে এক নতুন নজির স্থাপন করল। কারণ, দেশটির কেন্দ্রীয় আইনে সারা দেশে গাঁজা চাষ, বহনে ও সেবনে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। বিদ্যমান জাতীয় আইন অনুযায়ী, ব্যক্তিগত ব্যবহারের জন্য কারও কাছে গাঁজা পাওয়া গেলে এক মাসের কারাদণ্ডের নিয়ম রয়েছে। আর বিক্রির অপরাধে পরিমাণের ওপর ভিত্তি করে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।

নেপালে গাঁজা অত্যন্ত পরিচিত এক ঐতিহ্যবাহী উদ্ভিদ, যা বহু বছর ধরে নানা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হয়ে আসছে। তবে ১৯৭০-এর দশকের শেষভাগে বৈশ্বিক ধারার সঙ্গে তাল মিলিয়ে নেপাল সরকার গাঁজাকে অবৈধ ঘোষণা করে। এরপর থেকে নিষেধাজ্ঞা বাতিলের দাবিতে অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। অবশেষে গণ্ডকী প্রদেশের এ ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে ওষুধ হিসেবে গাঁজার ব্যবহারের একটি নতুন পথ তৈরি হলো।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

/এমএকে/