শিরোনাম

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

সিটিজেন ডেস্ক
শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
প্রতীকী ছবি

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ২৫ লাখ (আড়াই মিলিয়ন) মার্কিন ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঋণগ্রস্ত এই দ্বীপরাষ্ট্রটির কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে হ্যাকারদের অর্থ হাতিয়ে নেওয়ার ক্ষেত্রে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা। ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক সংকট এবং ৪৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ খেলাপির পর সবেমাত্র ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কলম্বো। এর মধ্যেই এ বিপুল অঙ্কের চুরি দেশটির জন্য একটি বড় ধরনের ধাক্কা হিসেবে আবির্ভূত হয়েছে।

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষণা সুরিয়াপেরুমা রাজধানী কলম্বোতে সাংবাদিকদের জানান, চুরি যাওয়া অর্থ মূলত ঋণ পরিশোধের অংশ হিসেবে অস্ট্রেলিয়াকে দেওয়ার জন্য নির্ধারিত ছিল। মারাত্মক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় পাবলিক ডেবট ম্যানেজমেন্ট অফিসের (পিডিএমও) ৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও জানান, মন্ত্রণালয়ের ইমেইল সার্ভারে অনুপ্রবেশের চেষ্টার বিষয়ে কর্তৃপক্ষকে আগেই সতর্ক করা হয়েছিল। পরবর্তী তদন্তে দেখা যায়, অস্ট্রেলিয়ার পাওনা সেই ২৫ লাখ ডলার ইতোমধ্যেই গায়েব হয়ে গেছে। অপরাধ তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন এবং এ কাজে বিদেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সহায়তাও চাওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন সুরিয়াপেরুমা।

অর্থনৈতিক বিপর্যয়ের পর ২০২৩ সালের শুরুতে আইএমএফের ২.৯ বিলিয়ন ডলারের বেলআউট ঋণের শর্ত অনুযায়ী চলতি বছরেই পিডিএমও প্রতিষ্ঠা করেছিল শ্রীলঙ্কা। চুরির এ বিষয়ে শ্রীলঙ্কায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ম্যাথিউ ডাকওয়ার্থ জানিয়েছেন, তাদের পাওনা পরিশোধে অসঙ্গতির বিষয়টি ক্যানবেরা অবগত রয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, শ্রীলঙ্কার কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে এবং অস্ট্রেলিয়ান কর্মকর্তারা তাতে পূর্ণ সহায়তা করছেন। পাশাপাশি শ্রীলঙ্কার ঋণ টেকসই করার যাত্রায় অস্ট্রেলিয়া নিজেদের সমর্থন অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দেন। এ ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন সাইবার প্রতারণা থেকে বাঁচতে নাগরিকদের সতর্ক করে সম্প্রতি স্থানীয় পত্রিকাগুলোতে জোর প্রচারণা চালিয়েছিল খোদ শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়।

সূত্র: এনডিটিভি

/এমএকে/