শিরোনাম

নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪০৩

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪০৩
পানির তোড়ে নদীর তীরের জনবসতিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে

নেপালে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাতে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, এখনো ৪০৩ জনের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৬১ জন নেপালের নাগরিক এবং ৩৪১ জন বিদেশি। বিদেশিদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২০০ জন নারী ও ২০৩ জন পুরুষ। ধারণা করা হচ্ছে, তাঁরা ২৬টি দেশের নাগরিক।

ট্যুর অপারেটরদের দেওয়া তথ্যের ভিত্তিতে নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজদের বেশির ভাগই ভারত-নেপাল সীমান্তবর্তী মানস সরোবরের পথে ছিলেন।

বন্যায় নদীতীরবর্তী জনপদগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির প্রবল স্রোতে অনেক বসতবাড়ি ও গ্রাম ভেসে গেছে। রসুয়ার ভোতকোশি নদী এলাকা থেকে পুলিশ ১১৪ জনকে উদ্ধার করেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

নেপাল টিভি ও রেডিও নেপালের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনীও ৮০ জনের বেশি মানুষকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ২৯ জনকে বেসরকারি হেলিকপ্টারের মাধ্যমে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

নেপালের প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে পুরো জাতি স্তম্ভিত ও মর্মাহত।

বালেন্দ্র শাহ এই বন্যাকে আকস্মিক ও ভয়াবহ দুর্যোগ হিসেবে উল্লেখ করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। একই সঙ্গে তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের পর উদ্ধারকাজে কোনো ধরনের বিলম্ব না করে সরকার দ্রুত প্রয়োজনীয় সব সম্পদ ও সক্ষমতা কাজে লাগিয়েছে।

/এমআর/