শিরোনাম

জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ২০

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ২০

রবিবার (২৩ আগস্ট) ভোররাতে পূর্ব জাপানে ৫.৯ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সাময়িকভাবে ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। তবে ভূকম্পনের পর বড় ধরনের কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশের আবহাওয়া সংস্থা।

টোকিওভিত্তিক সংবাদ সংস্থা কিয়োদো নিউজ জানায়, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে, মাটির প্রায় ৬৮ কিলোমিটার গভীরে। হঠাৎ এই ঝাঁকুনিতে বিভিন্ন এলাকায় ছোটখাটো দুর্ঘটনার খবর মিলেছে। সাইতামা প্রিফেকচারে এক তরুণ ও সত্তর বছর বয়সী এক নারীসহ বেশ কয়েকজন আহত হন। পাশাপাশি কানাগাওয়ায় ৯ জন এবং চিবা এলাকায় ৪ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

যাতায়াত ব্যবস্থাতেও সরাসরি প্রভাব পড়ে। নিরাপত্তার স্বার্থে বেশ কিছু রুটে ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়, ফলে অনেক ট্রেনের সময়সূচিতে বিলম্ব ঘটে। বিশেষ করে টোবু রেলওয়ের পরিচালিত বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন সেবা পুরোপুরি স্থগিত রাখা হয়। স্বস্তির বিষয় হলো, অঞ্চলটির সংবেদনশীল পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ নিরাপদ রয়েছে। ইবারাকি প্রিফেকচারের টোকাই নম্বর ২ পারমাণবিক কেন্দ্র এবং উত্তর-পূর্বের দুর্যোগপ্রবণ ফুকুশিমা দাইচি ও দাইনি বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের ত্রুটি বা অস্বাভাবিক পরিস্থিতি দেখা দেয়নি।

পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কর্মকর্তাদের দ্রুত ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপনের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে সাধারণ মানুষকে প্রতিনিয়ত সঠিক ও সময়োপযোগী তথ্য জানানোর তাগিদ দিয়েছেন তিনি। অন্যদিকে আবহাওয়া সংস্থা সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, পরবর্তী দুই-তিন দিনসহ আগামী পুরো এক সপ্তাহে আবারও সমমাত্রার আফটারশক হতে পারে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/