যুক্তরাষ্ট্রে পৌঁছেছে চীনের দুই জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্রে পৌঁছেছে চীনের দুই জায়ান্ট পান্ডা, থাকবে ১০ বছর
জায়ান্ট পান্ডা ফু শুয়াং (বাঁয়ে) ও পিং পিং (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

যুক্তরাষ্ট্রের আটলান্টায় পৌঁছেছে দুই চীনা জায়ান্ট পান্ডা ‘পিং পিং’ এবং ‘ফু শুয়াং’। বন্ধুত্বের বার্তা ছড়াতে চীনের দীর্ঘদিনের সুপরিচিত ‘পান্ডা কূটনীতি’র অংশ হিসেবেই তাদেরকে আটলান্টার চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে এ নতুন অতিথিদের অবতরণের খবর নিশ্চিত করেছে।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চেংদু থেকে একটি বিশেষ ফেডেক্স ফ্লাইটে দীর্ঘ ১৫ ঘণ্টার ভ্রমণ শেষে তারা আটলান্টায় পৌঁছায়। ফেডেক্সের এক মুখপাত্র সিএনএন-কে বলেছিলেন, জায়ান্ট পান্ডা নিরাপদে পরিবহনের ক্ষেত্রে কোম্পানিটির দীর্ঘ ইতিহাস রয়েছে। মার্কিন চিড়িয়াখানাগুলোতে এই প্রজাতির প্রাণীর দেখা মেলা ভার, তাই আটলান্টার চিড়িয়াখানায় পান্ডা দুটির আগমন বেশ ধুমধাম করেই উদযাপিত হচ্ছে। আগামী ১০ বছর তারা এখানেই থাকবে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্যমতে, স্থানীয় সময় রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর দুইটা পঞ্চান্ন মিনিটে চেংদু থেকে যাত্রা শুরু করেছিল পান্ডা দুটি। রাজনৈতিক অঙ্গনেও এ যাত্রার গুরুত্ব বেশ তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার গুরুত্বপূর্ণ বৈঠকের পরপরই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৈঠকে দুই শীর্ষনেতা বাণিজ্য যুদ্ধ সাময়িক স্থগিত রাখা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত হটলাইন চালুর বিষয়ে রাজি হয়েছিলেন। নিজের সফরে জিনপিং জায়ান্ট পান্ডাকে দুই দেশের মৈত্রী ও সৌহার্দ্যের ‘অনন্য দূত’ হিসেবে অভিহিত করেছিলেন।

চেংদু রিসার্চ কেন্দ্রে জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনার পর দুটি বিশেষ ক্র্যাটে ভরে পান্ডা দুটিকে বিমানে তোলা হয়। বিমানবন্দর সংলগ্ন রাস্তায় প্ল্যাকার্ড হাতে উৎসুক জনতার উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ এ যাত্রাপথে পান্ডাগুলোর সঙ্গে ছিলেন একদল চীনা পশু চিকিৎসক ও প্রজনন বিশেষজ্ঞ। আটলান্টায় পৌঁছানোর পর কোয়ারেন্টাইন পর্ব চলাকালেও তারা পান্ডা দুইটির দেখভাল চালিয়ে যাবেন।

পান্ডা দুটির স্বভাব ও বৈশিষ্ট্য বেশ নজরকাড়া। ২০২০ সালের ১৭ মার্চ জন্ম নেওয়া পুরুষ পান্ডা ‘পিং পিং’-এর নামের অর্থ শান্তি। গাছে চড়তে ওস্তাদ এবং বেশ সাহসী পান্ডাটি বিশেষ কায়দায় আপেল খেয়ে সবার দৃষ্টি কাড়ে। অন্যদিকে, ২০২০ সালের ১৮ অক্টোবর জন্ম নেওয়া নারী পান্ডা ‘ফু শুয়াং’-এর মাথার বিশেষ এক গুচ্ছ পশম আর মধুপ্রেমের কথা সবারই জানা। খাবার খুঁজে পাওয়ার ক্ষেত্রেও তার জুড়ি মেলা ভার। বয়স, স্বাস্থ্য, বংশগতি এবং চারিত্রিক গঠনের নানা দিক বিচার করেই এদের বেছে নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে তারা প্রাকৃতিকভাবে বংশবৃদ্ধি করতে পারে।

নতুন অতিথিদের বরণে আটলান্টা চিড়িয়াখানা কর্তৃপক্ষও কোনো কমতি রাখেনি। তাদের থাকার জায়গাটি বেশ প্রশস্ত করার পাশাপাশি প্রচুর পরিমাণে বাঁশের জোগান নিশ্চিত করা হয়েছে। এর আগে এ চিড়িয়াখানায় ‘লুন লুন’ ও ‘ইয়াং ইয়াং’ নামের দুটি পান্ডা একসঙ্গে সাতটি ছানার জন্ম দিয়ে রেকর্ড গড়েছিল।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, চলমান ভূরাজনীতিতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক আস্থা ও হারানো বন্ধুত্ব ফিরিয়ে আনাই এ কূটনৈতিক পদক্ষেপের মূল লক্ষ্য।

সূত্র: সিএনএন

/এমএকে/